যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করতে এই হরতাল: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার জন্য নয়, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম এবং খালেদা জিয়া ও তাঁর ছেলেদের দুর্নীতির মামলা ব্যাহত করতেই হরতাল ডেকেছে বিএনপি।গতকাল রোববার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখনো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় বিশ্বাস করে না। খালেদা জিয়া নিজেই বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করে পলাতক যুদ্ধাপরাধীদের সঙ্গে বৈঠক করেছেন।গতকালের হরতালে গান পাউডার দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, হরতালে স্বতঃস্ফূর্ততা ছিল না। জনজীবন বিপর্যস্ত করে হরতালের নামে জ্বালাও-পোড়াও করলে জনগণ বাধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।সৈয়দ আশরাফ বলেন, সরকারের একতরফাভাবে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলে সংসদীয় কমিটি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে এত আলোচনা করত না। তা ছাড়া কমিটি এখনো সংসদে প্রতিবেদন পেশ করেনি। সংসদে প্রতিবেদন পেশ করার পর আবার আলোচনা হবে। কিন্তু তার আগেই বিরোধী দল হরতাল ডেকেছে।এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে আলোচনার আহ্বান জানিয়েছেন, একটা গ্রহণযোগ্য উপায় বের করার কথা বলেছেন। এটা তো কোনো অযৌক্তিক কথা নয়। তিনি বলেন, আদালতের রায়ে যেমন আগামী দুই নির্বাচনের কথা বলা হয়েছে, তেমনি তত্ত্বাবধায়ক সরকারে বিচারপতিদের বাদ দেওয়ার কথাও আছে। এ কারণেই আলোচনার প্রয়োজন।সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলি, আফজাল হোসেন, বদিউজ্জামান ভূঁইয়া, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।