যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করার ষড়যন্ত্র রুখতে সোচ্চার হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধের সময় ইসলামের মহান আদর্শকে ভূলুণ্ঠিত করে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে কাজ করেছিল, তাদের বিচার বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র রুখতে প্রত্যেক ধর্মপ্রাণ নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসররা ইসলামের মহান আদর্শকে ভূলুণ্ঠিত করেছিল। সেই স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া এখন দ্রুত এগিয়ে চলছে। কিন্তু একটি মহল এ বিচার-প্রক্রিয়া নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করছে। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে এবং ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব ও সমপ্রীতির মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দিতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ধর্মসচিব হাবিবুল আওয়াল ও ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল বক্তব্য দেন। বঙ্গবন্ধুর উদ্যোগে মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর এ উদ্যোগের ফলে আজ মাদ্রাসায় পাস করা ছাত্রছাত্রীরা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন। মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা নিষ্পত্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এই বিজয় দেশের জনগণের। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক অক্ষুণ্ন রেখে আমরা আমাদের ন্যায়সংগত সব অধিকার আদায় করে যাব।’ অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করায় ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ, আমাদের উত্তরাধিকার।’ সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১২ উপলক্ষে গতকাল রাজধানীতে নয় দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সমিঞ্চলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। আজ শুক্রবার থেকে ২৭ মার্চ এবং ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকাল নয়টা ৩০ মিনিট থেকে বিকেল পাঁচটা ৩০ মিনিট পর্যন্ত প্রদর্শনী সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া ২৮ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা ৩০ মিনিট পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারের সদস্যরা ও সেনানিবাস এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য এবং ৩১ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা ৩০ মিনিট পর্যন্ত সাধারণ লোকের পাশাপাশি রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে স্কুল ব্যাগ, ব্যাকপ্যাক, ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোনসেট ও ক্যামেরা বহন করা যাবে না।