যুদ্ধাপরাধের বিচার যেন মিডিয়া ট্রায়াল না হয়: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে জাতীয় পার্টি একমত। তবে সুবিচার হতে হবে, যাতে এ নিয়ে প্রশ্ন না ওঠে। এটা যেন মিডিয়া ট্রায়াল না হয়।গতকাল শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এ কথা বলেন। সভায় সারা দেশ থেকে আসা দেড় শতাধিক নেতা-কর্মী যোগ দেন।সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং দলে সদ্য যোগ দেওয়া জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে এইচ এম এরশাদের প্রেস সচিব সুনীল শুভরায়ের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি যাতে এককভাবে নির্বাচন করতে নেতা-কর্মীদের এখন থেকেই সংগঠিত করতে হবে। তিনি বলেন, ১৬ কোটি মানুষকে একজন প্রধানমন্ত্রীর পক্ষে সেবা দেওয়া সম্ভব নয়। তাই প্রাদেশিক সরকারব্যবস্থার বিকল্প নেই। এরশাদ আরও বলেন, ১৯৮৬ সালের ১০ নভেম্বর নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করে। এরপর দেশে আর সেনা শাসন আসেনি। চলতি বছর থেকে ১০ নভেম্বরকে জাতীয় পার্টি গণতন্ত্র দিবস হিসেবে পালন করবে বলে তিনি উল্লেখ করেন।