যুদ্ধাপরাধের বিচার যেনতেনভাবে করা যাবে না: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার স্বচ্ছতার সঙ্গে করতে হবে। যেনতেনভাবে যুদ্ধাপরাধের বিচার করা যাবে না। গতকাল শনিবার সাম্প্রতিক রাজনীতি বিষয়ে একক বক্তৃতা অনুষ্ঠানে ড. কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা বলব না, যেনতেনভাবে দোষী সাব্যস্ত করে যুদ্ধাপরাধের বিচার হোক। কারণ, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। যেনতেনভাবে শাস্তি দিলে তা অনেক আগেই দেওয়া যেত।’ মুক্তচিন্তা ফোরাম নামের একটি সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ একক বক্তৃতার আয়োজন করে।যুদ্ধাপরাধের বিচারকাজ যে স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের ওপর গুরুত্বারোপ করেন প্রবীণ এই আইনজীবী। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে প্রচার-অপপ্রচার সবই থাকতে পারে। তাই এ ব্যাপারে সবকিছু সবাইকে জানিয়ে করা দরকার।’ কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার ও বসতিতে হামলার সংসদীয় তদন্ত দাবি করেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ঘটনার শুরুতেই সংসদীয় তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল। সংসদীয় কমিটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইবে, এ ঘটনায় তাঁর কী ভূমিকা ছিল। তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ কক্সবাজারে পৌঁছাতে কত ঘণ্টা লেগেছিল এবং তা কার্যকর করতে কত ঘণ্টা সময় লেগেছিল। কেন গোয়েন্দা বিভাগের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পায়নি। আয়োজন সংগঠনের আহ্বায়ক আশীষ কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম।