যুদ্ধাপরাধের বিচার রাজনৈতিকভাবে বিবেচনা করা ঠিক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আন্তর্জাতিক মান বজায় রেখে আইনগতভাবে সম্পন্ন করতে হবে। এ বিচারের প্রক্রিয়াকে কোনোভাবেই রাজনৈতিকভাবে বিবেচনা করলে চলবে না।ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা প্রতিমন্ত্রী এলান ডানকান যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে এ অভিমত দেন। দুই দিনের বাংলাদেশ সফরকালে গতকাল বুধবার বিকেলে তিনি গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি গণতন্ত্র, ব্রিটেনের উন্নয়ন সহায়তা, সুশাসন, দুর্নীতিরোধ প্রভৃতি বিষয়ে প্রশ্নের উত্তর দেন। এলান ডানকান ব্রিটেনের কোয়ালিশন সরকারের প্রধান শরীক দল কনজারভেটিভ পার্টির নেতা।যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারকে কীভাবে মূল্যায়ন করেন—জানতে চাইলে তিনি মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধে বিচারের উদ্যোগ নেওয়ায় সরকারকে অভিনন্দন জানান।ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের প্রক্রিয়াটি একটি আইনগত বিষয়। যথাযথ আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে আইনগতভাবে বিষয়টির সুরাহা করতে হবে। এ বিচারের বিষয়টিকে কোনোভাবেই রাজনৈতিকভাবে বিবেচনা করা ঠিক হবে না।বিরোধী দলের সংসদ অধিবেশন বর্জন এবং তাদের ওপর সরকারের নিপীড়নের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয়টি অভ্যন্তরীণ বলে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এ বিষয়ে মন্তব্য করাটা আমার কাজ নয়। আমি এখানে অতিথি হিসেবে এসেছি। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কাজেই আমাদের কারও পক্ষ নেওয়ার সুযোগ নেই। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদকে কেন্দ্র করেই সব কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। সংসদের পরিবর্তে রাজপথে আগ্রাসী তৎপরতা কোনোভাবেই সমর্থন করা যায় না। তবে এখানকার গণতন্ত্র নিয়ে গণমাধ্যমগুলো তাদের মতামত তুলে ধরতে পারে। আর স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম শক্তি।’বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে ব্রিটেন যে সহযোগিতা করে তার অর্থায়ন প্রক্রিয়া যথাযথ হচ্ছে কি না, দুর্নীতি দমন কমিশন ঠিকভাবে কাজ করতে পারছে কি না—জানতে চাইলে ডানকান বলেন, ‘এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। তবে ব্রিটেনের নিজস্ব পদ্ধতিতে কোথাও অর্থায়ন করা হলে, সেগুলো আমরা যথাযথভাবে পর্যবেক্ষণ করে থাকি। আমরা যে টাকা দিই, তা যেন বাজেভাবে খরচ না হয়, তা করতেই আমরা এটা করি। এটা ঠিক যে, দুর্নীতি যেকোনো জায়গায় একটা বড় সমস্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে বুঝেছি, যেকোনো মূল্যে দুর্নীতি দূর করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর সঙ্গে কথা বলে আমি আশ্বস্ত হয়েছি।’প্রথমবারের মতো বাংলাদেশ সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ড চালাতে গিয়ে বাংলাদেশ কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তা দেখার পাশাপাশি দরিদ্র মানুষের জীবনযাত্রা পাল্টাতে ব্রিটিশ উন্নয়ন কর্মসূচি কীভাবে চলছে, সে বিষয়গুলো নিজের চোখে দেখতে এসেছি।’ বাংলাদেশ সফরে এসে এখানে দরিদ্র মানুষের জীবনযাত্রা পাল্টাতে তাঁর দেশের অর্থায়নে যেসব উন্নয়ন কর্মকাণ্ড চলছে, তা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার ডানকান নরম্যান ও ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি) প্রধান ক্রিস অস্টিন।