যুদ্ধাপরাধের বিচার শেষ করার আগে পাকিস্তানের স্বীকারোক্তি আদায় জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে গণহত্যা, ধর্ষণসহ সব ধরনের অপরাধের বিচার পরিচালনার আগে এ ব্যাপারে পাকিস্তানের স্বীকারোক্তি আদায় করা জরুরি। আর যুদ্ধাপরাধের যে বিচার বাংলাদেশ শুরু করেছে, তা আন্তর্জাতিক রীতি অনুসরণ করেই সম্পন্ন করতে হবে। তা না হলে এ বিচার নিয়ে প্রশ্ন থেকে যাবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে মুক্তিযুদ্ধ-বিষয়ক দুই দিনব্যাপী সংলাপের শেষ দিনে বক্তারা এ অভিমত দেন। ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস), দ্য কাউন্সিল অব আমেরিকান ওভারসিজ রিসার্চ সেন্টারস ও ১৯৭১ কালেকটিভের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে।যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ইয়াসমিন সাইকিয়া বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার করাটা জরুরি। তবে ওই বিচার পরিচালনার আগে পাকিস্তানের কাছ থেকে এ নিয়ে স্বীকৃতি আদায় জরুরি। এরপর বিচার পরিচালনা করতে হবে। তবে একাত্তরে যেসব নারী-পুরুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, বিচার-প্রক্রিয়া শেষে তাঁদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।নিউ এজ পত্রিকার সাংবাদিক ডেভিড বার্গম্যান মানবতাবিরোধী বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। যুদ্ধাপরাধ-বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে র্যাপকে উদ্ধৃত করে তিনি বলেন, ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুসরণ করে বিচার পরিচালনার সময় প্রক্রিয়াগত কিছু পরিবর্তন করাটা জরুরি। ডেভিড বার্গম্যানের মতে, গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের যে মতপার্থক্য তৈরি হয়েছে, এর ফলে মার্কিন অভিমতকে সরকার এখন গুরুত্ব না-ও দিতে পারে। কাজেই যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান নিশ্চিত করার ব্যাপারে মার্কিন মতামতকে পাশ কাটানোটা হবে দুঃখজনক ঘটনা।চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, ধর্ষিতা নারীদের বীরাঙ্গনা হিসেবে অভিহিত করে তাঁদের হেয় করা হয়েছে। স্বাধীনতার পর পর তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে কেউ তাঁদের খোঁজ রাখেনি।