যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, রক্তক্ষরণ তো হবেই : নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতঙ্ক ছড়াতেই সারা দেশে গুপ্তহত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, সংখ্যালঘুদের ওপর গুপ্তহত্যা চালিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, একটু তো রক্তক্ষরণ হবেই।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৯ জুন সারা দেশে ১৪ দলের মানববন্ধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা শেষে আজ রোববার বিকেলে নাসিম এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন আতঙ্কিত হয়ে গেলে হবে না, তাদের মোকাবিলা করতে হবে, পরাজিত করতে হবে। আতঙ্কিত হয়ে ভয় পেলে সমঝোতা করতে হবে। মনে রাখতে হবে, আমরা আগুনে হাত দিয়েছি। একাত্তরের ঘাতকদের বিচার করছি, এখানে সমঝোতার কোনো সুযোগ নেই। ২০০৯ সাল থেকেই চক্রান্ত শুরু হয়েছে। আর এ চক্রান্তে মদদ দিচ্ছেন খালেদা জিয়া।’
গুপ্তহত্যা বন্ধে বিএনপি সরকারকে সহায়তা করতে চায়—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘আপনারা যদি সত্যিকার অর্থে এটা করতে চান, তাহলে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছেদ করুন। তাহলে বুঝতে পারব জঙ্গিবাদ দমনে সহায়তা করতে আপনারা আন্তরিক।’
এর আগে ১৪-দলীয় জোটের প্রস্তুতি সভায় ১৪ জুন ঝিনাইদহ এবং ১৭ জুন পাবনায় শান্তি সমাবেশ করার কর্মসূচি নেওয়া হয়।