যুদ্ধাপরাধের বিচার হতে হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যুদ্ধাপরাধের বিচার বিএনপিও চায়। আমাদের অবস্থান যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। তবে সেই বিচারের প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মান অনুযায়ী হতে হবে।’গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুটি রোডমার্চের সাফল্য তুলে ধরে গতকাল বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। ‘যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই বিরোধী দলের আন্দোলন’—সরকারি দলের এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আগে থেকেই এ ধরনের বক্তব্য দিয়ে আসছে। তারা যখনই দেখছে জনগণ তাদের ওপর আস্থা হারিয়ে বিরোধী দলের পক্ষে অবস্থান নিয়েছে, তখনই জনগণের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা নয়, দেশ রক্ষার জন্য বিএনপি আন্দোলনে নেমেছে।গত মঙ্গলবার উত্তরাঞ্চল অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চের পথে বগুড়ায় এক জনসভায় যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, এটা বিচার নয়, প্রহসন। চার দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকার এই বিচার করছে। এ জন্য নিজামী, মুজাহিদ, সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।" বিএনপির চেয়ারপারসনের এই বক্তব্যের ব্যাখ্যায় মির্জা ফখরুল দাবি করেন, এ বিষয়ে গণমাধ্যমে খালেদা জিয়ার বক্তব্য খণ্ডিতভাবে এসেছে। তিনি বলেন, ‘ম্যাডামের পুরো বক্তব্যটি আপনাদের অনুধাবন করতে হবে। নিজামী সাহেবদের গ্রেপ্তারের পদ্ধতি কি সঠিক ছিল?...যদি নিজামী-মুজাহিদ একাত্তরে মানবতাবিরোধী অপরাধ হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনে জড়িত থাকেন, অবশ্যই তাঁদের বিচার হবে। কিন্তু তা হতে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘পুরো বিচারপদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে। যাঁদের ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের অতীত পরিচয় কী? আমরা মনে করি, যুদ্ধাপরাধের বিচার রাজনৈতিক উদ্দেশ্যমূলক হলে বিচারের মূল বিষয় ব্যাহত হবে।’ তিনি বলেন, আইন প্রতিমন্ত্রীর বক্তব্য শুনে মনে হচ্ছে, কীভাবে ট্রাইব্যুনাল পরিচালিত হবে, তা তিনি নির্ধারণ করে দিচ্ছেন। জামায়াতে ইসলামীর নেতারা ‘যুদ্ধাপরাধী’ কি না, এই প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইয়েস-নো কিছুই বলব না আমি। আমি রাজনীতি করি। নিজামী সাহেব কোথায় লুণ্ঠন করেছেন, হত্যা করেছেন, তার সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে। সেই অভিযোগ কি তারা (সরকার) আনতে পেরেছে?’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পদ্মা সেতুর ব্যাপারে সরকারের দেওয়া প্রেসনোট অসামঞ্জস্যপূর্ণ ও দায়সারা। বিশ্বব্যাংক, জাইকা ও এশীয় উন্নয়ন ব্যাংক প্রকাশ্যে বলেছে, যোগাযোগমন্ত্রী দুর্নীতি করেছেন। কিন্তু যোগাযোগমন্ত্রীকে রক্ষায় প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে চেষ্টা চালাচ্ছেন। এতে মনে হয়, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ দুর্বলতা রয়েছে।