যুদ্ধাপরাধের বিচারকে প্রভাবিত করছে সরকারের একটি অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেছেন, সরকারের মধ্যে একটি অংশ যুদ্ধাপরাধীদের বিচারকে নানাভাবে প্রভাবিত করছে। ওই অংশটিই বর্তমান সময়ে জামায়াতের সঙ্গে সরকারের সমঝোতার চেষ্টা চালাচ্ছে কি না, সেটা খুঁজে দেখতে হবে।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংবাদ সম্মেলন করে ইমরান এইচ সরকার এই অভিযোগ করেন। তাঁর দাবি, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে সরকারের বর্তমান ভূমিকার সমালোচনা করায় গণজাগরণ মঞ্চের ওপর হামলা হচ্ছে।
ইমরান বলেন, হামলা ও মামলা দিয়ে এবং আক্রমণ চালিয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনকে বন্ধ করা যাবে না। যত দিন ছয় দফা দাবি আদায় না হয়, তত দিন গণজাগরণ মঞ্চের আন্দোলন চলবে।
বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের দুই পক্ষের মধ্যে মারামারি, পাল্টাপাল্টি মামলা এবং পরদিন প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিপেটার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ইমরান এইচ সরকার এ সংবাদ সম্মেলন করেন। একই দিন পৃথকভাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন গণজাগরণ মঞ্চের ইমরানবিরোধী অংশ ও ছাত্রলীগ।
সন্ধ্যায় শাহবাগ জাদুঘরের সামনে ইমরানবিরোধীদের আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সদ্য জামিনে মুক্তিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান। তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার তাঁদের ওপর ইমরান এইচ সরকারের অনুসারীরা হামলা করেছেন। এরপর তাঁদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। পরদিন শুক্রবার তাঁরা শান্তিপূর্ণভাবে শাহবাগে অবস্থান নিলে পুলিশ বিনা কারণে তাঁকেসহ অন্যদের আটক করেছে।
ছাত্রলীগের অভিযোগ, ইমরানের জবাব: গণজাগরণ মঞ্চের মারামারিতে ছাত্রলীগকে ‘জড়ানোর’ প্রতিবাদে গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। এতে সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান বলেন, গণজাগরণ মঞ্চের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত থাকার কথা ইমরান এইচ সরকার যদি প্রমাণ করতে পারেন, তাহলে ছাত্রলীগ জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চাইবে। আর প্রমাণ করতে না পারলে ‘মিথ্যা তথ্য’ প্রচার করার জন্য ইমরানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ছাত্রলীগের সভাপতি। তাঁর দাবি, প্রায় ১০ মাস ধরে গণজাগরণ মঞ্চের সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই, বিরোধও নেই।
কেন্দ্রীয় কমিটির উপসাংস্কৃতিক সম্প্লাদক শেখ আসমান এবং সাবেক দপ্তর সম্প্লাদক নাসিম রূপককে নিয়ে ইমরান এইচ সরকার যে বক্তব্য দিয়েছেন, তা ‘সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি দাবি করেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ বর্তমানে জনগণ থেকে বিচ্ছিন্ন। গণজাগরণ মঞ্চ পর্দার অন্তরালে বিভিন্ন স্বাধীনতাবিরোধী সংগঠন থেকে টাকা নিচ্ছে বলে শোনা যাচ্ছে। এ কারণেই জনগণ গণজাগরণ মঞ্চ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
ছাত্রলীগের এ বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ইমরান এইচ সরকার বলেন, ‘যাঁরা হামলায় আহত হয়েছেন, তাঁরাই বলেছেন কারা জড়িত ছিল। আমরা ছাত্রলীগের একজন ও যুবলীগের একজনের নামে অভিযোগ করেছি। পুরো সংগঠনের ওপর দোষ চাপাইনি।’ তিনি ছাত্রলীগ-যুবলীগের ওই দুজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
‘জনবিচ্ছিন্নতা’ প্রসঙ্গে ইমরান বলেন, গণ-আন্দোলনের চরিত্রই এমন। কখনো মানুষ বেশি থাকবে, কখনো কম থাকবে, এটাই স্বাভাবিক। আর, ‘স্বাধীনতাবিরোধীদের কাছে টাকা নেওয়ার বিষয়ে’ ছাত্রলীগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কখনোই কোনো সংগঠনের কাছ থেকে টাকা নিইনি। গণজাগরণ মঞ্চে যাঁরা টাকা দিয়েছেন, তাঁরা প্রত্যেকেই শাহবাগে এসে মিডিয়া সেলে টাকা দিয়ে গেছেন।’ সরকারের ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ অনুষ্ঠানে ইসলামী ব্যাংক থেকে টাকা নেওয়ার প্রতিবাদ করায় রাজনৈতিকভাবে এসব কথা বলা হচ্ছে বলে দাবি করেন ইমরান।
আটক সবার মুক্তি: শাহবাগে প্রতিবাদ সমাবেশ করতে গেলে গত শুক্রবার পুলিশ লাঠিপেটা করে গণজাগরণ মঞ্চের দুই পক্ষের সাতজনকে আটক করেছিল। এঁদের মধ্যে পাঁচজনকে গতকাল দুপুরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিল হোসেন। তিনি জানান, বাকি দুজন বৃহস্পতিবার রাতে করা পাল্টাপাল্টি দুই মামলার আসামি। তাই তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত জামিন মঞ্জুর করায় তাঁরা মুক্তি পান।