আগামী মার্চ মাসেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এ জন্য সরকারের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। তদন্ত কর্তৃপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেল দ্রুত নিয়োগ দেওয়া হবে। বিশেষ আদালত (ট্রাইব্যুনাল) স্থাপনের জন্য পুরোনো হাইকোর্ট ভবনের অবকাঠামোগত সংস্কার করা হয়েছে। নতুন করে সাজানো পুরোনো হাইকোর্ট ভবনের দোতলায় এজলাস, নিচতলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কক্ষ, হাজতখানা ও গণমাধ্যমকর্মীদের বসার কক্ষ তৈরি করা হয়েছে।গতকাল বুধবার সকালে পুরোনো হাইকোর্ট ভবনে যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রস্তুত করা বিশেষ আদালত পরিদর্শনের সময় আইনমন্ত্রী এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যসচিব ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) হারুন-উর-রশিদ ও মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ উপস্থিত ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য পুরোনো হাইকোর্ট ভবন কেন বেছে নেওয়া হলো—এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি পাকিস্তান আমলে প্রধান বিচারপতির কার্যালয় ছিল। পাকিস্তানের পক্ষে অংশ নিয়ে যারা দেশের মানুষের ওপর অত্যাচার, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ করেছে, তাদের বিচারের জন্য এটাই উপযুক্ত জায়গা বলে মনে করছে সরকার। এর একটি ঐতিহাসিক তাত্পর্য রয়েছে। ১৯৭৩ সালের আইন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কর্তৃপক্ষের নাম ঘোষণা করবে। কর্তৃপক্ষ তদন্ত শুরু করলে মূলত বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই।