দাবি অভিন্ন হওয়া সত্ত্বেও গণজাগরণ মঞ্চের দুই অংশের ‘কাদা ছোড়াছুড়িতে’ দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা যুদ্ধাপরাধের বিচার বিলম্বিত করার সুযোগ নিচ্ছে। বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে হলে মতদ্বৈধতা ভুলে জনগণকে সঙ্গে করে আবারও সরকারকে চাপ দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। ‘যুদ্ধাপরাধীর দ্রুত বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধে করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারবিরোধী অংশটি। সভায় তারা সংগঠনটির প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
মতবিনিময়ে অংশ নিয়ে প্রজন্ম ’৭১-এর সভাপতি সাংবাদিক শাহীন রেজা নূর বলেন, গণজাগরণ মঞ্চের নামে বুঝে না-বুঝে অনেকে পৃথকভাবে কাজ করছে। কোনো বিষয়ে কারও মতপার্থক্য থাকতেই পারে কিন্তু একে জনসমক্ষে প্রকাশ করা ষড়যন্ত্রের অংশ।
শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ বলেন, গণজাগরণ মঞ্চের আন্দোলন বারবার থেমে যাচ্ছে, আবার নতুন করে শুরু করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে।
ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত বলেন, যুদ্ধাপরাধের বিচারের যে প্রক্রিয়া সরকার শুরু করেছে, তা থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করতে আবার মাঠে নামতে হবে।
সাংস্কৃতিকব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ঘরের শত্রু বিভীষণের কারণে গণজাগরণ মঞ্চের আন্দোলন বারবার হোঁচট খাচ্ছে। এদের চিহ্নিত করতে হবে।
গণজাগরণ মঞ্চের এই অংশের নেতা কামাল পাশা চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাংবাদিক হারুন হাবিব, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল।