যুদ্ধাপরাধের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে
যুদ্ধাপরাধের বিচারের বিষয়টিতে গুরুত্ব দিয়ে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। গতকাল শনিবার এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে পেশাজীবী নারীসমাজ ও সেক্যুলার ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তাঁরা এ মত দেন। প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, কোনো যুদ্ধাপরাধীই বিচার এড়াতে পারবে না। যারা দেশের বাইরে পালিয়েছে বা আত্মগোপনে আছে, তাদের ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। সেক্টর কমান্ডারস ফোরামের নেতা লে. জেনারেল হারুন-অর-রশিদ (অব.) বিচারে সরকারের ‘গড়িমসির’ সমালোচনা করে বলেন, ‘মনে হচ্ছে, সরকার এ বিচারে প্রয়োজনীয় গুরুত্ব দিচ্ছে না।’বিচারের গতি বাড়াতে ট্রাইব্যুনালের সংখ্যা পাঁচ-এ উন্নীত করার পরামর্শ দেন মুক্তিযুদ্ধ গবেষক এম হাসান। অভিযোগের সংখ্যা কমিয়ে ট্রাইব্যুনালকে শক্তিশালী করার তাগিদ দেন তিনি। সাংবাদিক শাহীন রেজা নূর বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শহীদ পরিবারসহ পুরো দেশবাসীর দাবি। এ বিচার নস্যাৎ করার ষড়যন্ত্র রুখতে হবে। ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী যুদ্ধাপরাধীদের শাস্তির মধ্য দিয়ে গর্ববোধ জাগিয়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টাকারীদেরও বিচারের সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেন পেশাজীবী নারীসমাজের সাধারণ সম্পাদক আফরোজা হক। সংগঠনটির সভাপতি মাহফুজা খানম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আজ জাতীয় দাবি।