যুদ্ধাপরাধের বিচারে নিন্দার সুযোগ নেই: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরীন শারমিন চৌধুরী
শিরীন শারমিন চৌধুরী

যুদ্ধাপরাধী জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস করাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আজ রোববার জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এ কথা বলেন। তিনি বলেন, ‘সব ধরনের আইনি-প্রক্রিয়া অনুসরণ করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর হয়েছে। এখানে কোনো দেশের বা অন্য কোনো ক্ষেত্র থেকে নিন্দা জানানোর সুযোগ নেই। এটি বিচার না হওয়ার সংস্কৃতি (কালচার অব ইমপিউনিটি) এবং আইনের শাসনের জন্য স্বস্তিকর নয়।’
এর আগে জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি হচ্ছে কচুরিপানার মতো। এর শিকড় নেই। কিন্তু খেতের ফসলের শিকড় নষ্ট করে ফেলে। ভেসে বেড়ায়। এর ফুল দেখতে ভালো লাগলেও কোনো কাজের নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা পাকিস্তানি আক্রমণে জর্জরিত ছিলাম। একাত্তরে সেখান থেকে বেরিয়ে এসেছি। এখন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ ও সামরিকতন্ত্রের কাদা-আবর্জনা শরীর থেকে ঝেড়ে উঠে দাঁড়াতে হবে।’

জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি সচিব রণজিত্ কুমার দাস ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।

গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার কাদের মোল্লার ফাঁসি কার্যকরের চার দিনের মাথায় পাকিস্তানের পার্লামেন্ট একটি প্রস্তাব পাস করে। এর পর ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে এর ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চ পাকিস্তান দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানের পতাকা ও দেশটির কয়েক নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়। 

গত বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পার্লামেন্টের প্রস্তাবের নিন্দা জানান জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ।

এরপর শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কাদের মোল্লার ফাঁসির বিষয়ে তাদের পার্লামেন্টে প্রস্তাব পাস করায় বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হয়নি।