যুদ্ধাপরাধের বিচারে ন্যুরেমবার্গ ট্রায়ালের কাছে ঋণী সবাই

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, ন্যুরেমবার্গ ট্রায়াল হলো মানবতার সবচেয়ে বড় প্রতীক। প্যালেস অব জাস্টিস হলো বিচারহীনতার সংস্কৃতি দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার অনুপ্রেরণা। বাংলাদেশসহ দেশে দেশে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার ন্যুরেমবার্গ ট্রায়ালের কাছে ঋণী হয়ে থাকবে।
ন্যুরেমবার্গ ট্রায়ালের ৭০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার এই সেমিনারের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ‘যুদ্ধাপরাধের বিচার: ন্যুরেমবার্গ থেকে ঢাকা’ শীর্ষক এই সেমিনার হয় সিরডাপ মিলনায়তনে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের ন্যুরেমবার্গ শহরে ইতিহাসের অন্যতম যুদ্ধাপরাধের বিচার অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমন্বয়ে মিত্র বাহিনী জার্মানির নাৎসি বাহিনীর নেতাদের বিচার করে। ন্যুরেমবার্গের প্যালেস অব জাস্টিসে প্রতিষ্ঠিত ওই আদালতে বিচার শুরু হয় ১৯৪৫ সালের ২০ নভেম্বর।
সেমিনারের মূল বক্তা ছিলেন আমেরিকান অ্যাসোসিয়েশন অব জুরিস্ট, কানাডা চ্যাপ্টারের সাবেক প্রেসিডেন্ট অ্যাটর্নি উইলিয়াম পি স্লোয়ান। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি যত দিন থাকবে, তত দিন গণতন্ত্র অর্থবহ হবে না। ন্যুরেমবার্গ ট্রায়াল বিচারহীনতার সংস্কৃতি থেকে দূর করার অন্যতম দৃষ্টান্ত। বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাইছে, এটা খুব গুরুত্বপূর্ণ।
চিলির উদাহরণ দিয়ে স্লোয়ান বলেন, স্বৈরশাসক পিনোশে সরকারকে উৎখাতের পর চিলিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। চিলির একটি গানের দল তখন একটি গান বানায়। তারা গাইত, ‘গণতন্ত্র তো পেলাম, কিন্তু নির্যাতনকারীদের নিয়ে আমরা এখন কী করব? আমরা কি প্লাজায় গিয়ে তাঁদের সঙ্গে নাচব? ব্যাংকের লাইনে তাঁদের সঙ্গে দাঁড়িয়ে থাকব? সাবওয়ে ট্রেনে তাঁদের পেছনের সিটে বসব? না না না, পিনোশের বিচার কর।’
সেমিনারের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ন্যুরেমবার্গ ট্রায়াল ছিল মানবতার সবচেয়ে বড় পথপ্রদর্শক। যখন ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংসদে বিল আকারে উত্থাপন করা হয়েছিল, তখন প্রখ্যাত আইনজীবী সিরাজুল হক বলেছিলেন, এ আইন ন্যুরেমবার্গ ট্রায়ালের চেয়েও এক ধাপ এগিয়ে। ন্যুরেমবার্গে আপিলের সুযোগ ছিল না, এখানে সে সুযোগ রাখা হয়েছে।
ন্যুরেমবার্গ ট্রায়ালের ইতিহাস তুলে ধরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার ন্যুরেমবার্গ ট্রায়ালের কাছে কৃতজ্ঞ। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ন্যুরেমবার্গ ট্রায়ালের অনুপ্রেরণা থেকেই এসেছে। ওই বিচারকে সামনে রেখে বাংলাদেশে বিচার আরও শক্তিশালী রূপ পেয়েছে।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার এ নিকোলায়েভ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং অপরাধীদের জন্য উচিত শাস্তি। মানবতাবিরোধী অপরাধীদের সঙ্গে বাংলাদেশের ব্লগার, লেখক, প্রকাশক হত্যার সরাসরি সম্পর্ক রয়েছে। ন্যুরেমবার্গ ট্রায়ালকে তিনি মানবতার সবচেয়ে বড় প্রতীক হিসেবে উল্লেখ করেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ, শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী। সেমিনার সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর।