যুদ্ধাপরাধের বিচারে প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ আদালত বিশেষজ্ঞ রিচার্ড জে রজার্স বলেছেন, যুদ্ধাপরাধের বিচারে ন্যায়বিচার পাওয়ার রাস্তা সহজ নয়। এর জন্য প্রয়োজন জনগণের এবং রাজনৈতিক শক্তিশালী সদিচ্ছা। প্রয়োজন আনুষঙ্গিক প্রামাণ্য-তথ্যের উৎস।গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আন্তর্জাতিক অপরাধ এবং বাংলাদেশের বিচার-প্রক্রিয়ার তাৎপর্য’ শীর্ষক এক স্মারক বক্তৃতায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসবের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন উপলক্ষে এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।কম্বোডিয়ার খেমাররুজ ট্রাইব্যুনালের বিবাদী দলের প্রধান রিচার্ড রজার্স নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এ ধরনের বিচারের ক্ষেত্রে আইনজীবীদের খেয়াল রাখতে হয়, প্রত্যক্ষদর্শীরা যেন যথাযথভাবে তাঁদের প্রমাণ উপস্থাপন করতে পারেন। তাঁরা যেন পারিপার্শ্বিক বিষয় দ্বারা প্রভাবিত না হন।যুদ্ধাপরাধের বিচারে গঠিত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাালের উল্লেখ করে রিচার্ড রজার্স বলেন, ঢাকা ট্রাইব্যুনাল একটি জাতীয় আদালত এবং তাতে অনেক মানুষের কার্যক্রম পর্যবেক্ষণ করার সুযোগ আছে। এর ফলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটি একটি বড় সুবিধা।রিচার্ড রজার্স আরও বলেন, ঐতিহাসিকভাবেই যুদ্ধাপরাধের ক্ষেত্রে উপযুক্ত চাক্ষুষ প্রমাণ পাওয়া যায় না। বেশির ভাগ অপরাধেরই সন্তোষজনক তথ্য পাওয়া দুরূহ হয়ে দাঁড়ায়। বিচার দেরি হলে এই তথ্যপ্রমাণ আরও ক্ষতিগ্রস্ত হতে থাকে। ন্যায়বিচারের জন্য ক্ষতিগ্রস্তদের দীর্ঘ এবং কঠিন সময় অপেক্ষা করতে হয়। তিনি বলেন, এ ধরনের বিচারে অনেক বাধা ও সমালোচনা আসে, তার পরও বিচার চালিয়ে যাওয়া উচিত। বাংলাদেশ যুদ্ধাপরাধের বিচারে ৪০ বছর সময় নিয়েছে। সময় নিলেও এটি এখন একটি শক্ত অবস্থানে এসে পৌঁছেছে। এখন এটি অবশ্যই কার্যকরভাবে এগিয়ে নিতে হবে।রিচার্ড রজার্স বলেন, এ ধরনের বিচারে রাষ্ট্রের দায়িত্ব অনেক। রাষ্ট্রের সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার অংশগ্রহণে যুদ্ধ এবং নৃশংসতা হয়ে থাকে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশেরও তা-ই হয়েছে। ১৯৭১ সালের নৃশংসতার পুরোপুরি তদন্ত হোক, এটা অনেক বাংলাদেশি অন্তর থেকে অনুভব করেন। এই তদন্ত পাকিস্তান সরকার, সে দেশের সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া করা কঠিন।মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে রিচার্ড রজার্স বাংলাদেশে আসেন। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের ভূমিকার উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর কেবল একটি দেয়ালঘেরা ভবন বা টিকিট বুথ নয়। এর একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে। আর তা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে তাঁর পীড়াদায়ক অতীতকে জীবন্ত করে দেখানো। এ ছাড়া এটি সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, গণতন্ত্র এবং আইনের শিক্ষারও জায়গা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর সে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জাদুঘরের আরেক ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক। তিনি বলেন, জাদুঘরের নিয়মিত কর্মকাণ্ডের একটি বড় দিক হচ্ছে নতুন প্রজন্মের কাছে ইতিহাস বয়ে নিয়ে যাওয়া এবং তাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ভাষ্য সংগ্রহ করা। বিগত ১৬ বছরে মুক্তিযুদ্ধ জাদুঘর অর্জন করেছে স্থিতি, সংহত করেছে শক্তি এবং পা বাড়িয়েছে বিকাশের নতুন পথে এগিয়ে যাওয়ার জন্য। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে ধ্রুপদ কলাকেন্দ্র নৃত্য ও কণ্ঠশীলন দলীয় আবৃত্তি করে। পরে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলার দ্বার উন্মোচন করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।