বাংলাদেশকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মৌলবাদমুক্ত করতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এক হতে হবে। এই অপশক্তিগুলো এ দেশের যুদ্ধাপরাধীদের বিচারের সবচেয়ে বড় বাধা। কাজেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একত্র হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার ব্যর্থ করার অপচেষ্টার বিরুদ্ধে জাতীয় ঐক্যের অপরিহার্যতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক অজয় রায়। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার এম শওকত আলী বলেন, ‘মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধী ও মৌলবাদী শক্তি তাদের অপকর্ম আড়াল করার জন্য ধর্মের আশ্রয় নিয়ে রাজনীতি করেছিল। তাদের রুখতে হবে। চারদলীয় জোট যেন ভবিষ্যতে ক্ষমতায় আসতে না পারে, সে জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এক হয়ে কাজ করতে হবে।’ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস বলেন, ‘১৪ দলীয় জোটকে ক্ষমতায় ধরে রাখতে হবে। এই জোটকে আরও কার্যকর করতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বেই এটা সম্ভব।’ অনুষ্ঠানে সেক্টর কমান্ডারস ফোরামের জেনারেল সেক্রেটারি হারুনুর রশিদ বলেন, ‘জামায়াত যত দিন থাকবে তত দিন দেশ থেকে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ দূর হবে না। জঙ্গিবাদও নির্মূল করা যাবে না। ধর্মকে পুঁজি করে যেন কেউ রাজনীতি করতে না পারে আইন করে সেটি বন্ধ করতে হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য ও বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।