মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে তাঁর দেশের সরকারের সমর্থন থাকবে। তবে স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার হওয়া উচিত। খুলনায় গতকাল সোমবার নগরের খুলনা ক্লাবে তিন দিনের আমেরিকা সপ্তাহ উদ্বোধনের আগে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মরিয়ার্টি। এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, ইউএসএআইডির মিশন পরিচালক ডেনিস রলিন্স ও মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এ বিষয়ে আমেরিকার যুদ্ধাপরাধ বিষয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন। তাঁরা সার্বিক বিষয় নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন বাংলাদেশ সরকারকে দেবেন।’ মরিয়ার্টি বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এক নম্বরে। এ ছাড়া পাকিস্তান ও হাইতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।বাংলাদেশকে এগিয়ে যেতে হলে অন্যান্য অঞ্চলের মতো খুলনাকেও এগিয়ে যেতে হবে উল্লেখ করে মরিয়ার্টি বলেন, এখানে অবস্থিত সমুদ্রবন্দরের যথাযথ ব্যবহার করে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে খুলনার বাসিন্দারা তাঁদের উদ্যোগী মনোভাব ও অভিনবত্বের বিকাশ ঘটিয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এই আমেরিকা সপ্তাহ খুলনার অনেক অধিবাসীর জন্য সুযোগের দরজা খুলে দেবে।মরিয়ার্টি বলেন, জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এ অঞ্চলে ১০০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নির্মাণের কাজ চলছে।বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার উল্লেখ করে মরিয়ার্টি বলেন, ‘আমাদের মধ্যে একটি দীর্ঘস্থায়ী আন্তরিক সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে গুরুত্ব্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ২০১০ সালে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। আমাদের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর লাখ লাখ বাংলাদেশির জীবিকা নির্ভর করে। আমরা এই সম্পর্ক অব্যাহত রাখতে চাই।’