আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারকাজের গতিতে সন্তুষ্ট নন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল মঙ্গলবার রাতে নগরের লালদীঘি মাঠে ১০ দিনব্যাপী ‘স্বাধীনতা মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মনোভাব ব্যক্ত করেন। অনুষ্ঠানে সুরঞ্জিত বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে আমি খুব সন্তুষ্ট নই। আইন মন্ত্রণালয় ও ট্রাইব্যুনালের বিচারকদের বলতে চাই—এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জজকোর্ট নয়। এই তালে বিচার চলে না।’ অতিসত্বর আরও কয়েকটি ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘এখানে এভিডেনশিয়াল অ্যাক্ট ও রুলের কোনো প্রয়োজন নেই। ১৯৭৩ সালের ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুসারে বিচার করলে এত দিনে অনেক যুদ্ধাপরাধীর বিচার হয়ে যেত। ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুসারে, বিচার করলে বিচার বিলম্বিত হবে না এবং আন্তর্জাতিক আইনও অনুসরণ করা হবে।’ ‘স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন পরিষদ চট্টগ্রাম’ আয়োজিত মেলা উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মাইনুদ্দীন। ঢাকা-চট্টগ্রাম পথে আরও একটি ‘তূর্ণা নিশীথা’ ট্রেন এই সরকারের মেয়াদে চালুর প্রতিশ্রুতি দিয়ে রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা-লাকসাম কর্ড লাইন চালু হলে মাত্র তিন ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে আসা যাবে। বিত্তবানরা এগিয়ে এলে এ প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারির ভিত্তিতে করতে চাই।’ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, অধ্যাপক জিনো বোধি ভিক্ষু ও মেলা কমিটির মহাসচিব মো. ইদ্রিস।