বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, এ সরকারের আইনমন্ত্রী বলেন, তাঁদের কাছে যুদ্ধাপরাধীদের তালিকা নেই। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধীদের তালিকা ইমিগ্রেশনে পাঠানো হয়েছে, যাতে কেউই দেশ ত্যাগ করতে না পারেন। সরকারের এ দুই মন্ত্রীর দুই রকম বক্তব্যই প্রমাণ করে, তাঁরা প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার করতে চায় না। সরকার যুদ্ধাপরাধের বিচারের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে চায়।গতকাল শুক্রবার বিকেলে শরীয়তপুর বিএনপির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি জামাল শরিফ ওরফে হিরুর সভাপতিত্বে এই প্রতিনিধি সভা ভেদরগঞ্জ উপজেলার বালারবাজার উচ্চবিদ্যালয় মাঠে বিকেল পাঁচটায় শুরু হয়। এতে প্রায় তিন হাজার নেতা-কর্মী অংশ নেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, শিল্পবিষয়ক সম্পাদক শাহাজাদা মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ। জেলার প্রায় তিন হাজার নেতা-কর্মী এ প্রতিনিধি সভায় যোগ দেন।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাস্তবায়নের জন্য জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু সামনে এনেছে সরকার। একসময় শেখ মুজিবের ছেলেরা দুর্নীতি-সন্ত্রাস করেছে। এখন ছাত্রলীগের সোনার ছেলেরা সন্ত্রাস-লুটপাট করছে। এখনো সময় আছে সতর্ক হোন, না হলে বাংলার মানুষ পঁচাত্তরের পুনরাবৃত্তি দেখতে পাবে।কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক শাহাজাদা মিয়া বলেন, ‘শেখ মুজিবুর রহমানের জানাজায় কোনো মানুষ অংশ নেয়নি। জিয়াউর রহমানের জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছিল। তাতেই প্রমাণ হয়, কে জনপ্রিয় নেতা। শেখ হাসিনা দিনবদলের ঘোষণা দিয়ে নামবদল শুরু করেছেন। নাম বদল করে এ দেশের মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না।’