সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করায় আওয়ামী লীগ সত্তরের নির্বাচনে বিজয়ী ৪৩ জনকে দল থেকে বহিষ্কার করেছিল। ওই ৪৩ জনকে এবং চিহ্নিত ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ দাবি জানান। মহানগর নাট্যমঞ্চে আয়োজিত আলোচনা সভায় দলের সমন্বয়ক তরিকুল ইসলাম সরকারের পতন অবশ্যম্ভাবী করে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।সংসদে যেতে ‘নিশ্চয়তা’ চায় বিএনপি: খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে আনার নিশ্চয়তা দিলে সংসদের আসন্ন অধিবেশনে যোগ দেবে বিএনপি। গতকাল বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন।