বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের নামে যারা প্রহসন করছে, একদিন তাদেরই বিচার হবে। সরকারের পায়ের নিচে মাটি নেই বলেই দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীসহ সংবাদপত্র ও সাংবাদিকদের টার্গেট করেছে। এ যাত্রায় কোনো অবস্থায় পার পাবে না সরকার।গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে গতকাল মঙ্গলবার সকালে হান্নান শাহ এসব কথা বলেন। কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ঘাগটিয়া চালা উচ্চবিদ্যালয় মাঠে ওই সম্মেলন হয়।হান্নান শাহ বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে। তারা যুদ্ধাপরাধের বিচারের নামে সাজানো নাটক মঞ্চস্থ করছে। শেখানো বুলি দিয়ে বিচারকাজ শেষ করতে চাইছে। মানুষ বুঝে গেছে, আওয়ামী লীগ নিজেরাই যুদ্ধাপরাধের বিচার চায় না।কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাংসদ নিলুফার চৌধুরী, সাংসদ শাম্মী আখতার, কেন্দ্রীয় নেতা হাসানউদ্দিন রকার, হেলেন জেরিন খান, গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন সরকার প্রমুখ।সম্মেলনে কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতারা অংশ নেন।