যুদ্ধাপরাধের বিচারের পদ্ধতি ঠিক করতে আজ বৈঠক
যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া ঠিক করতে আজ রোববার বৈঠকে বসছেন এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ সন্ধ্যা সাতটায় আইনমন্ত্রী শফিক আহমেদের বাসায় এ বৈঠক হবে।বৈঠকে ট্রাইব্যুনালের সদস্যরা তদন্ত সংস্থা ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে বিচার-প্রক্রিয়া ঠিক করবেন। আলোচনা সফল হলে সোমবার থেকেই কাজ শুরু করবেন তদন্ত সংস্থা, বিচারক ও আইনজীবীরা।আইনমন্ত্রী শফিক আহমেদ এ ব্যাপারে গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, বিচার-প্রক্রিয়া থেকে শুরু করে সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করা হবে। ...অনেক আইনজীবী ঢাকার বাইরে থেকে আসবেন। তাঁদের থাকা-খাওয়া, গাড়িসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধার বিষয়ে সবাইকে অবহিত করা হবে।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার এ ব্যাপারে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে সরকার শুধু ট্রাইব্যুনাল, আইনজীবী ও তদন্তকারী সংস্থার সদস্যদের নিয়োগ দিয়েছে, কিন্তু বিধিবিধান কী হবে, বিচারের প্রক্রিয়া কী হবে, তা তারা নিজেরা বৈঠক করে ঠিক করবে।’ এক প্রশ্নের জবাবে সচিব বলেন, সম্ভাব্য যুদ্ধাপরাধীরা সবাই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।এদিকে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার রাজধানীতে দুটি পৃথক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সময়ের ব্যাপার মাত্র। তাঁরা বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে কারও বিচার করা হবে না।আইডিবি ভবন মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একাধিক ট্রাইব্যুনাল গঠনের বিধান আছে। তদন্তের ওপর নির্ভর করছে একাধিক ট্রাইব্যুনাল হবে কি না।