যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে নন, শাপলা চত্বরের বিচারও চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে নই। আমরা সব অপরাধের বিচার চাই। ৪০ বছর আগের অপরাধের যদি বিচার হয়, তাহলে শাপলা চত্বরে যারা অপরাধ করেছে, তাদেরও বিচার করতে হবে।’

গতকাল বুধবার বিকেলে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন। নগরের লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ময়দানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

হেফাজতের মহাসচিব বলেন, ‘১৭টি মিথ্যা মামলা দিয়ে আমাকে ৩১ দিন রিমান্ডের ফয়সালা করেছে সরকার। আমরা কারও পক্ষে বলি না, ইসলামের পক্ষে বলি। প্রধানমন্ত্রী হওয়া অথবা গদি দখল করার জন্য আমাদের আন্দোলন নয়।’

সরকারের সমালোচনা করে হেফাজতের নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীকে গালি দিলে সাত বছর জেল হয়, আর নবীর সঙ্গে বেয়াদবি করলে তার জামিন হয়ে যায়। তাহলে কি প্রধানমন্ত্রী নবীর চেয়েও বড়। আমরা ১৩ দফার মাধ্যমে আসলে মদিনা সনদের বাস্তবায়ন চেয়েছি। কিন্তু সরকার মুখে মদিনা সনদের কথা বলছে, কাজে নয়।’

নারী বিষয়ে হেফাজতের আমির আল্লামা শফীর বক্তব্য নিয়ে সমালোচনার জবাবে জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লামা শফীকে অবমাননার জন্য সরকার মহিলাদের মাঠে নামিয়েছে। তিনি রাসুল (সা.) ও পবিত্র কোরআন শরিফের অবমাননাকারীদের ফাঁসির দাবি করেন।