যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে চট্টগ্রামে জামায়াতের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের রাষ্ট্রীয় সিদ্ধান্তের পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা ও সরকারের সমালোচনা করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীরা দুটি বই বিলি করছেন। রোববার রাতে জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর বাজারে বই বিলি করার সময় পুলিশ কিছু বই জব্দ করে। তবে জামায়াত-শিবিরের কর্মীরা আগেই ঘটনাস্থল ত্যাগ করেন। ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহনলাল প্রথম আলোকে বলেন, ‘ভুজপুর এলাকার শান্তিরহাট বাজারে একদল লোক মোটরসাইকেলে করে এসে কিছু বই বিলি করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ এসে কিছু বই জব্দ করেছে।’ জামায়াতের বড় মগবাজারের প্রকাশনা বিভাগ থেকে বই দুটি প্রকাশ করা হয়।উত্তর জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, ‘পরিস্থিতির কারণে আমরা এখন মিছিল-সমাবেশ করছি না। নীরবে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছি। রোববার রাতে আমাদের কর্মীরা বই বিলি করছিলেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, এলাকায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা জিহাদি বই বিলি করছেন। খবর পেয়ে পুলিশ এসে আমাদের কর্মীদের ধাওয়া করে।’চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক বলেন, ‘আমরা নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি, যুদ্ধাপরাধের বিচার দেশের প্রধান সমস্যা নয়। কিন্তু সরকার বিষয়টি সামনে এনে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।’ উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে এ কার্যক্রম চলছে বলে তিনি জানান।জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও ফটিকছড়িতে জামায়াতের অবস্থান ভালো। কৌশলগত কারণেই নিজেদের নিরাপদ এলাকায় এসব বই ও প্রচারপত্র বিলি করছে। গত সংসদ নির্বাচনে জামায়াত সাতকানিয়া আসনে জয়ী হয়। ফটিকছড়ি উপজেলার ভুজপুর, দাঁতমারা, হারুয়ালছড়ি, বাবুনগরে জামায়াত-শিবিরের আধিপত্য রয়েছে। এসব এলাকায় গত সপ্তাহে প্রচারণা শুরু হয়।বিলি করা বইয়ে যা আছে: জামায়াতের বই দুটিতে স্ববিরোধী কিছু বক্তব্য ছাড়াও সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে। ‘যুদ্ধাপরাধ মীমাংসিত ইস্যু, মানবতার বিরুদ্ধে অপরাধের জিগির, আর একটি ধোঁকা’ শীর্ষক বইয়ে ছোট ছোট শিরোনাম দিয়ে যুদ্ধাপরাধের বিচারকে ‘প্রতিপক্ষকে ঘায়েল করার নতুন খেলা, সরকারের ভূমিকা মানবতাবিরোধী, বিচারের নামে প্রহসন’ বলে উল্লেখ করা হয়। এতে দাবি করা হয়, জামায়াতের কেউ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। জামায়াত যুদ্ধই করেনি শিরোনামে বলা হয়, ‘...তখন জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তাঁরা ভিন্ন অবস্থানে ছিলেন। কিন্তু যুদ্ধে অংশ নেননি। সুতরাং, এখন তাঁদের মধ্যে যুদ্ধাপরাধী খোঁজা সুগভীর ষড়যন্ত্র।’ বইয়ের শেষে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।বইয়ে বলা হয়, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসব চিহ্নিত যুদ্ধাপরাধী পালিয়েছিলেন, পরে যখনই তাঁরা ধরা পড়েছেন, তখনই বিচার হয়েছে।’ আবার অন্য এক জায়গায় বলা হয়, ‘শেখ মুজিবুর রহমানই বিষয়টি মীমাংসা করে গেছেন। সরকারের কার্যকলাপ দেখে মনে হচ্ছে, তারা জামায়াতসহ ইসলামী আন্দোলনের ওপর চূড়ান্ত আঘাত হানার অপচেষ্টা চালাচ্ছে।’একপর্যায়ে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের সমালোচনা করে বলা হয়, ‘ওয়ান-ইলেভেনের মূল পরিকল্পনাকারী মইন সেক্টর কমান্ডার্স ফোরামের প্রধান পৃষ্ঠপোষক। রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাদানিককে ব্যবহার করে জাতিকে বিভক্ত করে গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্যই তিনি যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুকে তুঙ্গে তুলেছিলেন। ব্যর্থ হয়ে এখন আওয়ামী লীগের ঘাড়ে চড়ে গণতন্ত্রকে নস্যাত্ করার ষড়যন্ত্র করছেন।’