যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যাপারে সাবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীনতাবিরোধী শক্তি যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া বন্ধ করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। ২৫ বছর বয়সে অস্ত্র হাতে যুদ্ধ করেছি। প্রয়োজন হলে এই অপশক্তির বিরুদ্ধে প্রবীণ বয়সে আবার যুদ্ধে যাব।’গতকাল শুক্রবার পুরান ঢাকায় ‘যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ জাতি’ শিরোনামে এক গণসমাবেশে এ কথা বলেন সাংসদ আসাদুজ্জামান নূর। গণসংগীত সমন্বয় পরিষদ বাহাদুর শাহ পার্কের শহীদ মিনারের পাদদেশে এই সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিকেল পাঁচটায় গণসংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান।ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ার কলঙ্ক থেকে দেশকে মুক্ত করতে হবে। ৩০ লাখ শহীদের আত্মার শান্তির জন্যও এই বিচার দরকার।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, ‘একাত্তরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ষড়যন্ত্র ছিন্ন করে যুদ্ধাপরাধীদের বিচার করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ গণসমাবেশে আরও বক্তব্য দেন গণসংগীত সমন্বয় পরিষদের সহসভাপতি গোলাম কুদ্দুস ও জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের। সত্যেন সেন শিল্পী সংস্থা ও বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠীর সদস্যরা এবং সমর বড়ুয়া গণসংগীত পরিবেশন করেন।