যুদ্ধাপরাধের রায় বাস্তবায়নে আ.লীগকে জয়ী করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পথসভায় আসা লোকজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সজীব ওয়াজেদ। ছবি: সাহাদাত পারভেজ
পথসভায় আসা লোকজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সজীব ওয়াজেদ। ছবি: সাহাদাত পারভেজ

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ সরকার কারখানার শ্রমিকদের বেতন দ্বিগুণ করেছে। শ্রমিকদের বেতন আবারও বাড়ানো হবে। আওয়ামী লীগ সরকার আসার আগে প্রচুর লোডশেডিং হতো। এখন লোডশেডিং নেই বললেই চলে। গত সাড়ে চার বছরে বিদ্যুতের সমস্যার সমাধান করা হয়েছে। এগুলো সবই করেছে আওয়ামী লীগ সরকার। সজীব ওয়াজেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। এখন তাদের শাস্তি কার্যকর করার জন্য আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করতে হবে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়া এলাকায় আজ সোমবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল মাঠে এক পথসভায় সজীব ওয়াজেদ এসব কথা বলেন।
সজীব ওয়াজেদ বলেন, ‘গাজীপুরের এখানে সড়কের চার লেনের সড়কের কাজ শুরু হয়েছে। নতুন নতুন স্কুল তৈরি করা হয়েছে। সেগুলোতে কম্পিউটার দেওয়া হয়েছে। সরকার প্রতিবছর ২৬ কোটি বই বিনা মূল্যে বিতরণ করেছে। এটা কোনো দেশেই সম্ভব হয়নি। আমরা নতুন নতুন রাস্তাঘাট তৈরি করে যাচ্ছি।’
সজীব ওয়াজেদ বলেন, ‘কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কাজ চলছে। এটি অতি শিগগিরই অনুমোদন হবে। এটা করেছে আওয়ামী লীগ সরকার। এখানে একটি হাইটেক পার্ক করা হবে। সেটার কাজও অনেক দূর এগিয়ে এসেছে। এখানে আমরা নতুন আধুনিক শহর বানানোর পরিকল্পনা করেছি। শুধু কালিয়াকৈর নয়, সারা দেশের উন্নয়ন করেছি আমরা।’

সজীব ওয়াজেদ বলেন, ‘বিএনপির সরকারের আমলে তারা সারা দেশের বিদ্যুেকন্দ্রে একটু বিদ্যুত্ও বাড়াতে পারেনি। গত ৪০ বছরে যে বিদ্যুত্ উত্পাদন হয়েছে, তার চেয়ে বেশি উত্পাদন হয়েছে গত সাড়ে চার বছরে। আগে ছিল তিন হাজার ২০০ মেগাওয়াট, এখন সেটা হয়েছে নয় হাজার মেগাওয়াট। আমাদের ওয়াদা ছিল, আমরা মানুষের আয় বাড়াব, সেটা বাড়ানো হয়েছে। এটা একমাত্র আওয়ামী লীগ সরকার করেছে।’
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই পথসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছিম কবীর। বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার প্রমুখ।