যুদ্ধাপরাধের রায় বাস্তবায়নে আ.লীগকে ভোট দিন: জয়

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের রায় জাতি পেয়েছে, এখন তা বাস্তবায়নে সময় লাগবে। উন্নয়নে এখনো কিছু কাজ বাকি, তাই আর একবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
আজ সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী নবাব স্যার আবদুল গনি উচ্চবিদ্যালয় মাঠে এক সভায় সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।
সভায় জয় বলেন, ‘২০০১ সালে নির্বাচনে জয়ের পর বিএনপি হিন্দু জনসাধারণ ও আওয়ামী লীগের কর্মীদের ওপর নির্যাতন শুরু করে। ওই সময় ১০ মাসের একটি শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আগুনে ফেলা দেওয়া হয়েছিল। তখনই আমার মনে হয়েছে, এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই।’
জয় বলেন, ‘বিএনপির সময়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা হয়েছিল, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২২ জন নিহত হন, আহসান উল্লাহ মাস্টার, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী খুন হয়েছেন। সারা দেশে ৫০০ জায়গায় একযোগে বোমা হামলা হয়েছিল। তখন থেকেই আমার মা ওয়াদা করেছিলেন, দেশ থেকে সন্ত্রাস দূর করবেন। বিগত সাড়ে চার বছরে সারা দেশে বোমা হামলা হয়নি, সন্ত্রাস দমন হয়েছে। বিএনপির সময় বোমা হামলা হতো, আর এখন দেশের মানুষ শান্তিতে ঘুমাচ্ছে।’
সজীব ওয়াজেদ বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে সোনার বাংলা গড়ার কাজ অর্ধেক পর্যন্ত এগিয়েছে, বাকি কাজ শেষ করতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে আগামী পাঁচ বছর দেশের প্রতিটি স্কুলে একটি করে কম্পিউটার দেওয়া হবে। ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে স্কুলে বই বিতরণ বন্ধ হয়ে যাবে। তিনি দামুর্কী স্কুলকে উচ্চমাধ্যমিকসহ কলেজ পর্যায়ের বিদ্যাপীঠ করার ঘোষণা দিয়ে বলেন, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
উপজেলা আাাওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ একাব্বর হোসেনের সভাপতিত্বে মির্জাপুর উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির শরীফ মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
মির্জাপুর থেকে সজীব ওয়াজেদ গাজীপুরের চন্দ্রা যাবেন। সেখানে একটি পথসভায় ভাষণ দেবেন তিনি।
ঐক্যবদ্ধভাবে কাজ করলে কেউ হারাতে পারবে না
এর আগে সজীব ওয়াজেদ গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল সফরের দ্বিতীয় দিনে টাঙ্গাইলের ভাসানী হলে এক কর্মিসভায় বক্তব্য দেন। সেখানে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। ওখানে সজীব ওয়াজেদ জয় বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কেউ হারাতে পারবে না। কে প্রার্থী হয়েছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থীকে জেতাতে হবে। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিতে হবে।
প্রশ্নোত্তর পর্বে সজীব ওয়াজেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন হবে। বিরোধী দল হেফাজতের ১৩ দফায় সমর্থন দিয়েছে। তারা ক্ষমতায় এলে মেয়েরা পঞ্চম শ্রেণীর বেশি পড়াশোনা করতে পারবে না। ফলে দেশ আবার পিছিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
অন্য এক প্রশ্নের জবাবে জয় বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে নারী ও ধর্ম নিয়ে ঘরে ঘরে অপপ্রচার চালানো হচ্ছে। এর মোকাবিলা করতে আমাদেরও ঘরে ঘরে যেতে হবে। নারীদের বোঝাতে হবে বিএনপি-জামায়াত কী চায়।’
এ ছাড়া মসজিদে কেউ অপপ্রচার চালালে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া তিনি গতকাল রোববারের মতো বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।
এর আগে টাঙ্গাইলের রানী ভবানী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে এক পথসভায় বক্তব্য দেন সজীব। এরপর তিনি মির্জাপুরের জামুরকিতে বক্তব্য দেবেন।
যুদ্ধাপরাধের সাজা বাস্তবায়নে ভোট দিন

সজীব ওয়াজেদ জয় বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করেছে। তাদের রায় হয়েছে। সাজা হয়েছে। এখন শুধু বাস্তবায়ন বাকি। এ জন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। টাঙ্গাইলের রানী ভবানী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে এক পথসভায় এসব কথা বলেন।
সজীব ওয়াজেদ বলেন, ‘বিএনপি বলেছে, তারা ক্ষমতায় গেলে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেবে। যদি আমরা সেটা না চাই, তাহলে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সামনের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ জিতলে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী, রাজাকারেরা শেষ হয়ে যাবে।’
এ পথসভায় আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক।