যুদ্ধাপরাধের সঙ্গে সম্পর্ক প্রমাণ করার সাধ্য কারও নেই: নিজামী
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী গতকাল শুক্রবার বলেছেন, যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ বলতে যা বোঝায়, এর সঙ্গে তাঁর দলের কারও কোনো সম্পর্ক ছিল না এবং সম্পর্ক থাকার কথা প্রমাণ করার ‘সাধ্য কারও নেই’।সাম্প্রতিক বছরগুলোতে অনেকবার দেওয়া বক্তব্যের পুনরুক্তি করে নিজামী বলেন, ১৯৭১ সালে জামায়াতের রাজনৈতিক অবস্থান ভিন্ন ছিল। এ নিয়ে কারও কথা থাকতে পারে, পক্ষে-বিপক্ষে মতও থাকতে পারে। কিন্তু যুদ্ধাপরাধের সঙ্গে তাদের সম্পর্ক নেই।মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলের জেলা আমির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে নিজামী এ কথা বলেন। ওয়ান-ইলেভেনের সরকারের আমলেই ইসলামি রাজনীতি নিষিদ্ধ ও ‘তথাকথিত’ যুদ্ধাপরাধের বিচার—এই দুটি ইস্যু সৃষ্টি করা হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ‘এই দুটি ইস্যুর উৎপত্তি এক জায়গা থেকেই। বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যেই ইস্যু দুটি সৃষ্টি করা হয়েছে।’জামায়াতের আমির দাবি করেন, বাংলাদেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য তাঁদের যে কর্মসূচি, তা বাস্তবায়নে বাধা দিতে তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।মহানগরের আমিরের ভাষ্যএদিকে জামায়াতের ‘অগ্রযাত্রা’ কিছুতেই রোখা যাবে না বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান। গতকাল শুক্রবার দলের বাড্ডা থানা আয়োজিত রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন। জামায়াতের প্রতি জনসমর্থন বাড়ছে বলেও দাবি করেন আমির।