যুদ্ধাপরাধের সাজানো বিচার জনগণ মানবে না: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ‘যুদ্ধাপরাধীদের বিচার’ সাজিয়েছে। জনগণ এই সাজানো বিচার মানবে না। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতা নিয়ে বিরোধী দলকে কথা বলতে হচ্ছে না। সরকারের লোকজনই সংসদে দাঁড়িয়ে ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ চেয়েছেন। এ অবস্থায় ব্যর্থতার দায় নিয়ে সরকার ক্ষমতা না ছাড়লে আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে নামানো হবে।নগরের জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বিএনপির নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী।মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর কোনোটাই বাস্তবায়িত করেননি। জনগণ আর তাঁর ‘ভাঙা রেকর্ড’ শুনতে চায় না। তিনি বলেন, বেহাল রাস্তাঘাটের কারণে একের পর এক দুর্ঘটনায় মানুষ মরছে। অথচ সরকার তার প্রতিকার করতে পারছে না।মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধাপরাধের বিচার করা হচ্ছে। যুদ্ধাপরাধের নামে যাঁদের ধরা হয়েছে, তাঁদের আইনি সুযোগ দেওয়া হচ্ছে না। বিদেশ থেকে আসা আইনজীবী বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা নাকি রদ করা যাবে না, তা নিয়ে কথা বলা যাবে না। সমালোচনা করলে নাকি দেশদ্রোহ আইনে বিচার হবে। তাহলে সংবিধানের ওই ধারাগুলো কি পবিত্র কোরআন ও বাইবেলের ঊর্ধ্বে?’আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির উপস্থিত সব নেতা-কর্মীকে কারাগারে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। রাস্তায় নামতে হবে।’ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আদালতের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা (বিচারক) কি আল্লাহকে বিশ্বাস করেন? আসলে আপনারা কোন ধর্মে বিশ্বাসী? যদি মুসলমান হন, ইসলাম ধর্ম আপনাদের বিশ্বাস করতে হবে।’