যুদ্ধাহত দেহটিও দান করে যেতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলা সদর থেকে চার কিলোমিটার পূর্ব-দক্ষিণে গোহাড়া গ্রাম। গ্রামের শেষ প্রান্তে দুই শতক জমির ওপর মুক্তিযোদ্ধা অজিত রায়ের (৬৩) কুঁড়েঘর। বাড়ির ভেতরে ঢুকতেই চোখে পড়ল বাঁ পাশে ঘরের বড় ভাঙা অংশটি চট দিয়ে ঢাকা। ঘরে ঢুকতেই দেখা গেল অজিত রায় গায়ে কাঁথামুড়ি দিয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।কাছে গিয়ে জিজ্ঞেস করতেই জানালেন, বছর চারেক আগে ভারতে গিয়ে ওপেনহার্ট সার্জারির মাধ্যমে হূৎপিণ্ডে একটি ভাল্ব সংযোজন করা হয়। সেই ভাল্ব ছিদ্র হয়ে গেছে। এ কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে তাঁর। জরুরিভাবে আবারও অস্ত্রোপচার করতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এবার একটি নয়, দুটি ভাল্ব সংযোজন করতে হবে।মুক্তিযোদ্ধা অজিত রায় আক্ষেপ করে বলেন, ‘বিরামপুরের কেটরাহাটের কাছে হানাদারদের একটি গুলি ডান পায়ের হাঁটুতে এসে লাগে। সহযোদ্ধারা আমাকে উদ্ধার করে ভারতের বালুরঘাট হাসপাতালে চিকিৎসা করায়। সেই বিবেচনায় আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তালিকায় থাকার কথা। কিন্তু আমাকে সেই তালিকায় না রেখে সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।’ কথা প্রসঙ্গে অজিত রায় তাঁর অন্তিম ইচ্ছার কথা জানালেন। তিনি বলেন, ‘মৃত্যুর পর আমার লাশ সৎকার না করে দেহটি একটি মেডিকেল কলেজে দান করতে চাই। যেন আমার দেহ নিয়ে মেডিকেলের শিক্ষার্থীরা গবেষণা করতে পারে। চোখ দুটিও দান করতে চাই, যা দিয়ে অন্ধজনের আলোদান হবে।’ অবশেষে কঙ্কালটি মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণের আহ্বান জানান তিনি। অজিত রায়ের স্ত্রী কল্পনা রায় জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর (অজিত রায়) বাঁ হাত-পা অবশ হয়ে গেছে। কারও সাহায্য ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না। জীবনের অন্তিম মুহূর্তে এসেও তিনি শুধুই ভাবছেন তাঁর সহযোদ্ধাদের কথা। তাঁরা কত কষ্ট করেই না বেঁচে আছেন! মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের কাছে ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত বছরের ৭ সেপ্টেম্বর দিনাজপুর প্রেসক্লাবে আমরণ অনশনে বসেছিলেন অজিত রায়। জানা গেছে, অসুস্থতাজনিত কারণে অজিত রায় বছর পাঁচেক আগে দিনাজপুর চিনিকলের মাঠকর্মীর চাকরিটা ছেড়ে দেন। সংসারে তাঁর স্ত্রী, তিন মেয়ে আর এক ছেলে। বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। আর ছেলেটি কিছুদিন আগে পুলিশ সদস্য (কনস্টেবল) হিসেবে চাকরি পেয়েছে। কল্পনা রায় জানান, শত কষ্ট আর অভাব-অনটনের মধ্যে পরিবারের যা কিছু ছিল সব বিক্রি করে এবং স্থানীয় লোকজনের সহায়তায় ২০০৬ সালের ১৩ ডিসেম্বর কলকাতার আনন্দলোক হাসপাতালে তাঁর (অজিত রায়) চিকিৎসা করানো হয়। তখন প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়। এখন সম্পদ বলতে এই কুঁড়েঘরটি। তিনি বলেন, অস্ত্রোপচারের দুই বছর পর আবার সেই ভাল্বে ছিদ্র দেখা দেওয়ায় পরিবারে ঘোর অন্ধকার নেমে এসেছে। তিনি আরও বলেন, ‘যে মানুষটি জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছিল একদিন, সেই মানুষটি কি আজ জীবনযুদ্ধে হেরে যাবে?’ হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. লিয়াকত আলী বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদের এমন কোনো তহবিল নেই, যা দিয়ে অসুস্থ অজিত রায়কে সহযোগিতা করব।’