যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজ সকালে মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে ফলমূল–মিষ্টান্ন পৌঁছে দেওয়া হয়
ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে তাঁর শুভেচ্ছার নিদর্শন হিসেবে প্রতিবারের মতো এবারও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য ফলমূল–মিষ্টান্ন পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য ফলমূল–মিষ্টান্ন পাঠান।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান ও সহকারী প্রেসসচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেন।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস–উৎসবে তাঁদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

একই সঙ্গে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ সময় সাম্প্রতিক সংঘটিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননা ও নব্য রাজাকারদের উত্থান–প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তাঁরা যেকোনো মূল্যে স্বাধীন বাংলাদেশের মাটি থেকে ধর্মের নামে সন্ত্রাসী কার্যকলাপসহ রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি ও ভবিষ্যৎ প্রজন্মকে এ ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।