যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার পবিত্র রমজানের দ্বিতীয় দিনে তাঁর সরকারি বাসভবন গণভবনে এতিম, শারীরিক প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন। প্রধানমন্ত্রী অতিথিদের জন্য সাজানো বিভিন্ন টেবিলে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। খবর বাসসের। ইফতারের আগে এক বিশেষ মোনাজাতে আল্লাহর কাছে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
অন্যান্যের মধ্যে মাওলানা হাবিবুল্লাহ যুক্তিবাদী, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা মোহাম্মদ আখতার হোসেন বোখারী, মাওলানা আবদুল হালিম সিরাজী, মাওলানা গোলাম মাওলা, মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ আবদুল বারী, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, মুফতি সোলাইমান আল আজাদী প্রমুখ ইফতার মাহফিলে যোগ দেন। এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।