যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের টেলিফোন বিলে ছাড়
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের টেলিফোন বিলের ক্ষেত্রে প্রতি মাসে ৬০০ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি মাস থেকে সারা দেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এই সুবিধা ভোগ করতে পারবেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, বিজয়ের মাস উপলক্ষে বর্তমান সরকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে টেলিফোন বিলে ৬০০ টাকা করে ছাড় দেবে। যাঁরা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে।
বিটিসিএল সূত্র জানিয়েছে, বিটিসিএল থেকে প্রথমে এ-সংক্রান্ত একটি প্রস্তাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় ওই অনুমোদনে সম্মতি দেয়। আজ বৃহস্পতিবার বিটিসিএল কর্তৃপক্ষ ওই অনুমোদনের চিঠিটি পেয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম কলিমুল্লাহ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি মাস থেকেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা প্রতি মাসে বিলের ক্ষেত্রে ৬০০ টাকা করে ছাড় পাবেন। ইতিমধ্যে ওই চিঠি দেশের বিভিন্ন স্থানে বিটিসিএলের কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সরকারের এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংগঠনের সভাপতি আমির হোসের মোল্লা বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে সরকার আমাদের শ্রদ্ধা জানিয়েছে।’