যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ঘরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গত রোববার যুদ্ধাহত মুক্তিযোদ্ধার একটি বসত ঘর কয়েক ব্যক্তি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া দক্ষিণপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তহফিল উদ্দিনের দাবি, অগ্নিকাণ্ডে তাঁর কমপক্ষে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
তহফিল জানান, বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরির কারণে তিনি বাড়িতে থাকতে পারেন না। এই সুযোগে একই গ্রামের ছাদুল্লাহ্ খাঁ, মাহফুজ খাঁ, লেমন খাঁ ও মিজান খাঁ দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের লোকজনের ক্ষতি করার চেষ্টা করছেন। তাঁদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আদালতে তিনটি মামলা করেছেন। নিরাপত্তাহীনতার কারণে তিন বছর ধরে তাঁর পরিবার বাড়ি ছেড়ে একই ইউনিয়নের কয়ড়া বাজারে বাসা ভাড়া করে থাকছে। গত শনিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফুর রহমানসহ গ্রাম্য মাতাব্বরদের উপস্থিতিতে সালিস বৈঠক হয়। বৈঠকে ওই ব্যক্তিদের সঙ্গে তাঁর (তহফিল) বিরোধের মীমাংসা হয়। পরে মাতাব্বররা তাঁকে নির্ভয়ে নিজ বাড়িতে থাকতে বলেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে যাওয়ার আগেই ওই ব্যক্তিরা রোববার ভোরে তাঁর বাড়ির বড় একটি টিনের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ ব্যাপারে ছাদুল্লাহ্ খাঁ বলেন, তহফিলের সঙ্গে তাঁদের বিরোধের বিষয়টি সত্য। কিন্তু তাঁর বাড়িতে তাঁরা আগুন ধরিয়ে দেননি। তহফিল নিজেই বাড়িতে আগুন দিয়ে তাঁদের ওপর দোষ চাপাচ্ছেন।
থানার পরিদর্শক রাম পদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।