যুদ্ধাহত হলেও আব্বাছ উদ্দিনের স্বীকৃতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর চলাচলের পথে ছদ্মবেশে মাইন পুঁততেন আব্বাছ উদ্দিন খান। এ সময় অপর একটি মাইন বিস্ফোরণে ডান পা হারিয়ে পঙ্গু হয়ে যান তিনি। এ দুঃসাহসিকতার স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত একটি কৃতজ্ঞতা ও ধন্যবাদসংবলিত তৎকালীন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫০০ টাকা অনুদানসংক্রান্ত একটি চেক পাঠানোর চিঠিও পান আব্বাছ। কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম না ওঠায় আজও রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি বা সম্মান পাননি তিনি। আব্বাছ উদ্দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হাজি মহব্বত খানের ছেলে। মুক্তিযুদ্ধের সময় আউলিয়াবাদ আর এ কে উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়তেন। যুদ্ধে পা হারানোর পর বন্ধ হয়ে যায় লেখাপড়া।সরেজমিনে আব্বাছ উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, বাঁশের একটি লাঠিতে ভর করে হাঁটছেন। আব্বাছ উদ্দিন জানান, বর্তমানে তাঁর বয়স ৬৫ বছর। সংসারে স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছে। কেমন আছেন জানতে চাইলে আব্বাছ বলেন, ‘ভালো না বাবা। নানা রোগে আক্রান্ত। একবার স্ট্রোক করে। কোনো রকম বেঁচে আছি।’যুদ্ধের সঞ্চৃতি বর্ণনা করতে গিয়ে আব্বাছ উদ্দিন বলেন, ‘যুদ্ধ করেছি ৩ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নাসিমের অধীনে। ছদ্মবেশে পাকিস্তানি সেনাদের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিয়ে ক্যাম্পে সরবরাহ করতাম। সেই সঙ্গে হাবিলদার মোস্তফার সঙ্গে মাইন পোঁতা ও গোলাবারুদ বহন করতাম।’‘পাকিস্তানি বাহিনীদের গতিরোধ করতে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর মাধবপুরের জগদীশপুর-মনতলা সড়কের কৃষ্ণপুর স্থানে সড়কের পাশে মাইন পুঁততে যাই। এ সময় অপর একটি মাইনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি।’ বলছিলেন আব্বাছ।মুক্তিযোদ্ধা আব্বাছ উদ্দিন বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর হলেও রাষ্ট্রীয় কোনো সমঞ্চান বা স্বীকৃতি পাইনি। মরে যাওয়ার আগে ছেলেমেয়েদের হাতে শুধু মুক্তিযোদ্ধার স্বীকৃতিস্বরূপ একটি সনদ দিয়ে যেতে চাই।’মাধবপুর উপজেলার চৌমহুনী ইউনিয়নের রামপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল বারেক বলেন, ‘আব্বাছ উদ্দিন ও আমি একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। তালিকায় আমার নাম উঠলেও তাঁর নাম ওঠেনি।’মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সুলতান আহাম্মদ বলেন, ‘১৯৯৭ সালে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির সময় আমি অনেকবার আব্বাছ খানকে তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে বলেছি। কিন্তু তিনি আমার কথা শোনেননি।’মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তকরণ ও তালিকাভুক্ত অমুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম নিষ্পত্তির জন্য কমিটি করা হয়েছে। যাচাই-বাছাইয়ের কাজ শুরু হলে আব্বাছ উদ্দিন খানকে আবেদন করার পরাদর্শ দেন তিনি।