যুব উন্নয়ন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব উন্নয়ন অধিদপ্তরের গাজীপুর জেলার উপপরিচালক আবদুল হামিদ খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগের পর এর পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্প্রতি এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি এরই মধ্যে তদন্ত শেষ করেছে।খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক পদে আবদুল হামিদ খান ২০০৯ সালের ১২ জুলাই যোগদান করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠতে থাকে।গাজীপুর সদর উপজেলার জোড়পুকুর এলাকার বাসিন্দা শাহীন পারভেজ গত ২১ মার্চ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তিনি তাঁর ছেলে শাকিল আহম্মেদকে কম্পিউটার শিক্ষার জন্য ভর্তি করাতে নিয়ে যান যুব উন্নয়ন কার্যালয়ে। সেখানে হামিদ খান তাঁর কাছে চার হাজার টাকা ঘুষ দাবি করেন।রথখোলা এলাকার ইলেকট্রনিকস ব্যবসায়ী রাসেল সিদ্দিকী গত ২৪ মার্চ যুব উন্নয়ন মহাপরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দেন। সেখানে তিনি অভিযোগ করেন, ২০০৯-১০ অর্থবছরে তাঁদের অনেকের প্রশিক্ষণ ভাতা না দিয়ে ভুয়া সইয়ের মাধ্যমে উপপরিচালক সেই টাকা তুলে নিয়েছেন।গত ১৬ এপ্রিল উপপরিচালকের বিরুদ্ধে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি গাজীপুর জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দিয়েছেন। গত ২৩ এপ্রিল গাজীপুর সদর উপজেলার কানাইয়া এলাকার বাসিন্দা সবির আহাম্মেদ খান যুব উন্নয়ন মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দেন। এমনকি গত ৫ এপ্রিল উপপরিচালকের বিরুদ্ধে মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দিয়েছেন ওই অফিসের কর্মচারীরাও।উপপরিচালক হামিদ খানের বিরুদ্ধে এভাবে অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সম্প্রতি একটি তদন্ত কমিটি গঠন করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন। পরে মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর আহম্মেদ উপসচিব মো. নবীরুল ইসলামকে এ তদন্তের দায়িত্ব দেন। তদন্ত কর্মকর্তা নবীরুল ইসলাম গত ২২ ও ২৩ মে সরেজমিনে তদন্ত করেন। সর্বশেষ গত রোববার তিনি তদন্ত শেষ করেছেন।তদন্ত কর্মকর্তা নবীরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্তকাজ শেষ হয়েছে। চার-পাঁচ দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।অভিযোগের বিষয়ে কথা বলতে যুব উন্নয়ন অধিদপ্তরের গাজীপুর জেলার উপপরিচালক আবদুল হামিদ খানের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।