যুব উন্নয়ন কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
যুব উন্নয়ন কর্মকর্তা দিদারুল আলম (৪২) হত্যায় জড়িত অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শনিবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার করা তিন ছিনতাইকারী স্বীকার করেছে, ছিনতাইয়ে বাধা দেওয়ায় দিদারুল আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহবুব আলম প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ঢাকার অদূরে কাঁচপুর ও রাজধানীর দোলাইর পাড়ে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের নেতা বেয়াই লিটন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। পরে তাদের মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। ছিনতাইয়ে বাধা দিলে তারা তিনজন দিদারুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর মানিব্যাগে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের জেলা কার্যালয়ের মৎস্য বিভাগের প্রশিক্ষক দিদারুল ২১ মার্চ ভোরে চট্টগ্রাম থেকে বাসে ঢাকার মতিঝিলের ইনার সার্কুলার রোডে এসে নামেন। এরপর তিনি হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ফেলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। সম্প্রতি তাঁকে চট্টগ্রাম থেকে চাঁদপুরে বদলি করা হয়। ওই আদেশ বাতিলের জন্যই তিনি ঢাকায় এসেছিলেন বলে জানা গেছে।