যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে ন্যাশনাল সার্ভিস ও অন্যান্য প্রকল্পের প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ন্যাশনাল সার্ভিস কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ নিয়ে স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে জানা যায়, যু্ব উন্নয়ন কর্মকর্তা ন্যাশনাল প্রকল্পের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ, মাস্টার ট্রেইনারদের সম্মানী ভাতা, আসবাবপত্র ক্রয়, কর্মশালা, প্রশিক্ষণ ভেন্যুর অতিরিক্ত ভাড়া, জেনারেটের জ্বালানি ব্যয়, প্রশিক্ষণ উপকরণ ও প্রশিক্ষণার্থীদের ই-মেইল ঠিকানা খোলাসহ বিভিন্ন খাত থেকে এই অর্থ আত্মসাৎ করেছেন। ন্যাশনাল সার্ভিসের কয়েকজন কর্মী ও যুব উন্নয়ন কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে অভিযোগ করেন, কর্মীদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ না দিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরি করে এ খাত থেকে প্রায় এক লাখ টাকা আত্মসাৎ করেছেন মোজাম্মেল হক। একই প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণের জন্য ৪০ জন মাস্টার ট্রেইনারের সম্মানী যথাযথভাবে না দিয়ে ৩৩ হাজার ৪৮০ টাকা তুলে নেওয়া হয়। এ ছাড়া ভুয়া নাম-ঠিকানা ও ভাউচার বানিয়ে ৬১ হাজার টাকা কর্মভাতা, আসবাবপত্র ক্রয়ের নামে ৪০ হাজার টাকা, উন্নয়নমূলক কর্মশালার জন্য বরাদ্দকৃত ৯৬ হাজার টাকা, মাইকিং ও অন্যান্য প্রচারের নামে ১৮ হাজার টাকাসহ বিভিন্ন খাতের টাকা তিনি আত্মসাৎ করেন। যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক এ বিষয়ে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কোনো দুর্নীতি ও অনিয়মের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। তবে ই-মেইল ঠিকানা খোলার জন্য ন্যাশনাল সার্ভিস প্রকল্পের কর্মীদের কাছ থেকে আমার অফিসে কর্মরত কর্মীরা কিছু অর্থ নিয়েছে।’ন্যাশনাল সার্ভিস প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি ও বেতাগীর ইউএনও হাবিবুর রহমান বলেন, অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহম্মেদ প্রথম আলোকে বলেন, সম্প্রতি প্রধান কার্যালয়ের একটি প্রতিনিধিদল এসব অভিযোগ তদন্ত করে গেছেন। তবে তা এখন কী অবস্থায় আছে তা তাঁদের জানা নেই।