‘আত্মকর্মী যুব শক্তি টেকসই উন্নয়নের মূল ভিত্তি’ স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার ফেনী শহর ও সোনাগাজীতে যুব দিবস পালিতে হয়েছে। সকালে শহরের মিজান রোডের ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে স্থানীয় বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মাকসুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবময় দেওয়ান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। এদিকে সোনাগাজীতে যুব দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।