যুব ফোরামের সদস্যসহ তিনজনকেঅপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যসহ তিনজনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সন্তু পক্ষকে দায়ী করেছে।

তবে সন্তু পক্ষ এ দায় অস্বীকার করেছে। পুলিশ অপহরণের বিষয়টি শুনেছে বলে জানালেও ঘটনার জন্য থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট লিখিত বিবৃতিতে জানায়, উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি গ্রাম থেকে গত রোববার গভীর রাতে একদল অস্ত্রধারী উপজেলা গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য জিশান চাকমাকে (২৯) অপহরণ করে নিয়ে যায়। সে একই গ্রামের বুদ্ধধন চাকমার ছেলে।

একই রাতে দুর্গম লম্বাছড়া গ্রাম থেকে ইউপিডিএফ সমর্থক নয়নমুনি চাকমার ছেলে শান্তিপ্রিয় চাকমা (৩২) ও কালেন্দ্র চাকমার ছেলে চোগা চাকমাকে (৪২) অপহরণ করে নিয়ে যায়।

বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুগত চাকমা জানান, অপহরণ ঘটনাটি লোকমুখে শুনলেও বিস্তারিত জানেন না। ঘটনাস্থল দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় খবর নেওয়া সম্ভব হচ্ছে না।

ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক অপহরণ ঘটনার সত্যতা স্বীকার এবং ঘটনার জন্য সন্তু পক্ষকে দায়ী করে বলেন, সন্তু পক্ষের লোকজনই এ তিনজনকে অপহরণ করেছে। বারবার ইউপিডিএফের পক্ষ থেকে সন্তু লারমাকে ভ্রাতৃঘাতী সংঘাত ও অপহরণ ঘটনার থেকে বিরত থাকার আহ্বান জানালেও তিনি তা বন্ধ করেননি। সন্তু লারমা আমাদের অনেক নেতা-কর্মীকে হত্যা করেছেন। তিনি অপহূত তিনজনকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।

জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা ঘটনার সঙ্গে সন্তু পক্ষের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, ইউপিডিএফের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনাটি তাদের (ইউপিডিএফ) অভ্যন্তরীণ কোন্দলে ঘটে থাকতে পারে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, অপহরণ ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় নিশ্চিত কোনো খবরও পাওয়া যাচ্ছে না।