যুব সংগঠন বিল সংসদে উত্থাপন
রাজনৈতিক দলীয় স্বার্থে যুব সংগঠনকে ব্যবহার করা হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) বিল, ২০১৫ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। দেশের ১৪ হাজারের বেশি তালিকাভুক্ত যুব সংগঠনের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে এই বিল আনা হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিলটি উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে কিংবা ব্যক্তি বা রাজনৈতিক দলীয় স্বার্থে যুব সংগঠন বা তার অর্থ ও সম্পদ ব্যবহার করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। নিবন্ধন ছাড়া সংগঠন পরিচালনা করলেও একই শাস্তির বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এ আইনের মাধ্যমে যুব সংগঠনের কর্মকাণ্ডের সংজ্ঞা ও পরিধি নির্ধারণ করা হয়েছে, যা সংগঠনের মধ্যে শৃঙ্খলা বজায় রাখবে।