নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি ডোবা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে আমিনুল ইসলাম লিমন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী এক যুবককে আটক করে। এই যুবককে উদ্ধার করতে গেলে গতকাল রাতে ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালায়। এতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাত সদস্য আহত হন। এ সময় পুলিশের লাঠিপেটায় আহত হয় এলাকার ১০ জন।আমিনুল সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা এলাকার নুরুল আমিনের ছেলে। ২৩ আগস্ট থেকে সে নিখোঁজ ছিল।সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহীদ গতকাল সন্ধ্যায় জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার হাসান মিয়ার বাড়ির পেছনের ডোবায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ বিকেল পাঁচটায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শিশুটির পরিচয় পাওয়া যায়। লাশের মাথা থেকে গলা পর্যন্ত পলিথিনে মোড়ানো ছিল। তার গলায় গামছা পেঁচানো ছিল। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।নারায়ণগঞ্জ ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিত্সাধীন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, লাশ উদ্ধারের পর খবর আসে যে হত্যাকারী সন্দেহে আমিনুলের বাসার লোকজন বিনয় ওরফে সবুজ নামের এক যুবককে আটক করেছে। তাঁকে উদ্ধার করে থানায় আনতে এসআই হারুনের নেতৃত্বে পুলিশের একটি দল ধনকুণ্ডা এলাকায় যায়। কিন্তু এলাকাবাসী বিনয়কে পুলিশের কাছে হস্তান্তর না করে পেটাচ্ছিল। ঘটনাস্থলে যাওয়া পুলিশ সহযোগিতা চাইলে তিনি (ওসি) একদল পুলিশ নিয়ে সেখানে যান। বিনয়কে উদ্ধার করলে এলাকাবাসী তাঁকে তাদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। ইটের আঘাতে তাঁর ও কনস্টেবল এমসাদের মাথা ফেটে যায়। এমসাদকে সিদ্ধিরগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ইটের আঘাতে থানার দ্বিতীয় কর্মকর্তা নাজমুল, এসআই হারুন, এএসআই ফজলুল হক, কনস্টেবল শাখাওয়াৎ ও বাবরও আহত হন। তাঁদের নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক দোকানি জানান, বিনয়কে নিয়ে যাওয়ার জন্য পুলিশ প্রথমে এলাকাবাসীকে লাঠিপেটা করে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ওসি আহত হলে পুলিশ নির্বিচারে এলাকাবাসীকে লাঠিপেটা করে।নিহত আমিনুলের বাবা নুরুল আমিন জানান, বিদ্যুিমস্ত্রি বিনয় তাঁর বাসার পাশেই থাকেন। বিনয় তাঁর সঙ্গে ঝুটের ব্যবসাও করেন। কয়েক দিন আগে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তাঁর কাছে একটি ব্যাগ চান বিনয়। তিনি বিনয়কে যে ব্যাগটি দিয়েছিলেন, সেটিতেই তাঁর ছেলের লাশ পাওয়া গেছে। ব্যাগটি দেখেই তিনি সন্দেহ করেন যে বিনয়ই তাঁর ছেলেকে খুন করেছেন। বিনয়ের ঘরে গিয়ে খাটের নিচে রক্তের দাগ ও দুর্গন্ধ পাওয়া গেছে।এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে বিনয় ও তাঁর স্ত্রী স্বীকার করেন, আমিনুলকে অপহরণের পর গত মঙ্গলবার তাকে হত্যা করে বিনয়। লাশ খাটের নিচে দুই দিন রেখে দেওয়া হয়। গতকাল সকালে মরদেহ বাড়ির পাশের ডোবায় ফেল দেন বিনয়।আমিনুলকে হত্যার আগে তার পরিবারের কাছে বিনয় পাঁচ লাখ টাকা মুক্তিপণও দাবি করেছিলেন। পরে এক লাখ টাকায় দফারফা হয়েছিল বলে জানান নুরুল আমিন।