যুবক ও গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খাটাগ্রামে এক গৃহবধূ ও যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এসব ঘটনা ঘটে।
বালিয়াকান্দিতে মারা যাওয়া গৃহবধূর নাম রূপালী বেগম (২১)। তিনি খাটাগ্রামের বক্কার শেখের স্ত্রী। অভয়নগরে মৃত যুবকের নাম মতিন হাওলাদার (৩৩)। তিনি গুয়াখোলা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে বক্কার শেখ তাঁর স্ত্রী রূপালী বিষপান করেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রূপালীকে সেখানে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে তিনি মারা যান। এ সময় রূপালীর স্বামীসহ শ্বশুরবাড়ির আত্মীয়রা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অশোক কুমার মোদক বলেন, রোগীকে ভর্তি করানোর সময় পরিবারের লোকজন সঙ্গে ছিল।
রূপালীর মামা আক্কাস আলী বলেন, প্রায় পাঁচ বছর আগে রূপালীর বিয়ে হয়। সন্তান না হওয়ায় তাঁর ভাগনিকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে আসছিল। তাকে মারধর করে মুখে বিষ ঢেলে দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, রূপালী বেগম বিয়ের পরেও একটি সম্পর্ক চালিয়ে আসছিলেন। বিষয়টি জানার পর স্বামী বক্কার তাঁকে চড়-থাপ্পড় দেন। পরে তিনি বিষপান করেন। অপমৃত্যুর মামলা হয়েছে।
অভয়নগর থানার পুলিশ ও পরিবার সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্ত্রী রানু বেগমের (৩৫) সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মতিন হাওলাদারের ঝগড়া হয়। এরপর মতিন বাসার আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে।
নিহত মতিনের বড় ভাই কবির হাওলাদার বলেন, ‘ওই দিন সন্ধ্যায় রানু বেগম তাঁর লোকজন নিয়ে আমার ভাইকে বেদম মারধর করে বলে আশপাশের লোকজনের কাছে শুনেছি। এতে অপমানিত হয়ে আমার ভাই আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনার পর থেকে রানু পালিয়ে গেছে।’