যুবক, কিশোরী ও গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারে এক যুবক ও এক কিশোরীর ঝুলন্ত লাশ তাঁদের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। গতকাল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার একটি পাটখেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা গ্রামের গোলাম আহমদের ছেলে লুকুর আহমদ (২৮) ও তিলপাড়া ইউনিয়নের শানেস্বর গ্রামের নিখিল চন্দ্রের মেয়ে জনি রানী দাসের (১৫) ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ওই দুজনের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লুকুরের বাবা বলেন, তাঁর ছেলে মানসিক রোগী ছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে তাঁর কক্ষে একা থাকতেন। গতকাল সকাল আটটার দিকে কক্ষের সিলিংয়ের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ দেখে তিনি পুলিশে খবর দেন।
জনি রানী দাসের মা আভা রানী দাস বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে জনিকে ঘুম থেকে জাগাতে গিয়ে তার শয়নকক্ষে গিয়ে দেখেন ওড়না দিয়ে সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ ঝুলছে। এ বিষয়ে বিয়ানীবাজার থানার এএসআই দেলওয়ার হোসেন বলেন, এ ব্যাপারে দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে করিমগঞ্জ উপজেলার সিংগুয়া বিলের একটি পাটখেত থেকে হাত বাঁধা ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় নাদিয়া আক্তার (৩৫) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পুলিশ তাঁর লাশের পাশ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করে। তিনি উপজেলার সুধী গ্রামের মহল মিয়ার স্ত্রী ও কান্দাইল গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে। সিদ্দিক মিয়া বলেন, নাদিয়া গত সোমবার সন্ধ্যায় করিমগঞ্জ আনন্দ বাজার এলাকায় এক স্বজনের বাসা থেকে ইফতার করে পাশের সুধী গ্রামে ফিরছিলেন। কিন্তু বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সারা রাত তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। বেলা তিনটার দিকে এলাকাবাসী সিংগুয়া বিলের পাটখেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।