যুবক খুন দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে নিখোঁজের নয় দিন পর গত শনিবার জাহাঙ্গীর মিয়া (৩৫) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন সুনামগঞ্জে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
জাহাঙ্গীরের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের নরসিংসার গ্রামের বাসিন্দা। ১৮ এপ্রিল তিনি এক ব্যক্তির জানাজা পড়ার জন্য বাড়ি থেকে বের হন। জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে নরসিংসার গ্রামের বোর্ডবাজার এলাকায় আসেন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গতকাল অষ্টগ্রামের পূর্বপাড়ার একটি জমিতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে গত শনিবার সুনামগঞ্জের দোয়ারাবাজারের সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন পুটিপশি গ্রামের রণ দাস (৩০)। গতকাল সকালে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ছাড়া ছাতকের বড়কাপন গ্রামের আকিক মিয়া (৩০) গত মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় নিখোঁজ হন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বড়কাপন গ্রামের পাশের একটি সেতুর নিচে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে।