বরগুনার আমতলী উপজেলায় কলেজছাত্রী হেলেনা আক্তার হত্যার ঘটনায় আরিফুর রহমান সোহাগ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার নারায়ণগঞ্জের ইপিজেড এলাকা থেকে আমতলী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে হেলেনার ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার করা হয়। ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আরিফুর।
আরিফুর বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ গ্রামের বারেক হাওলাদারের ছেলে। এ বছরের এপ্রিলে হেলেনা আক্তারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। হেলেনা পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
আমতলী থানা-পুলিশ সূত্র জানায়, আরিফুর গত মঙ্গলবার আমতলীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এ ঘটনায় তাঁর সঙ্গে আরও তিন-চারজন ছিলেন। গত ১৫ সেপ্টেম্বর রাতে আমতলী উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামের বাড়িতে হেলেনা আক্তার একা ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তাঁরা সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণ শেষে পিটিয়ে ও শ্বাসরোধ করে হেলেনাকে হত্যা করেন। পরদিন হেলেনার ভাই মিজানুর রহমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁর খালাতো ভাই মাসুদ হাওলাদারসহ পাঁচজনকে আসামি করে আমতলী থানায় মামলা করেন। এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।