যুবক রিফাতের লাশ ৭ দিনেও ফেরত দেয়নি বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক রিফাত হোসেনের (৩২) লাশ সাত দিনেও ফেরত দেওয়া হয়নি। গত মঙ্গলবার ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় গ্রাম সীমান্তে ওপারে ভারতের ভগরামপুর গ্রামে রিফাতকে গুলি করে নিহতের ওই ঘটনা ঘটে।
রিফাত হোসেন উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গত ২৮ জুন রাতে পূর্ব জগতবেড় গ্রাম সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের ১ নম্বর উপপিলারের কাছ দিয়ে শংলী নদী পার হয়ে রিফাত হোসেনসহ গরু পারাপারকারী (রাখাল) দলের কয়েকজন সদস্য অবৈধ পথে ভারতের ওপারের কোচবিহারের মাথাভাঙ্গা সীমান্তের ভগরামপুর গ্রামের ভারতীয় গরু ব্যবসায়ীর কাছে গরু আনতে যান। তাঁরা গরু নিয়ে ২৯ জুন ভোরে আবারও ওই সীমান্ত দিয়ে ফেরত আসার সময় ভারতের রানীনগর ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের মুখোমুখি পড়েন। এ সময় বিএসএফ দলের সদস্যরা তাঁদের ধাওয়া করে গুলি ছোড়েন। এতে রাখাল দলের অন্য সদস্যরা পালিয়ে এলেও রিফাত বিএসএফের টহল দলের সদস্যদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলে নিহত হন। পরে সকালের দিকে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে রিফাতের লাশ বিএসএফ ক্যাম্পে নিয়ে যান।
বিজিবির ভাষ্যমতে, সীমান্তে যুবক নিহতের ঘটনায় ভারতীয় চুয়াঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের কমান্ডারকে গত ২৯ জুন দুপুরে একটি চিঠি দেওয়া হয়। ওই দিন বিকেল পাঁচটার দিকে সীমান্তে পতাকা বৈঠক হয়।
বৈঠকে বিএসএফ ও বিজিবি নিহত যুবকের হত্যার বিষয়ে তদন্তপূর্বক পরবর্তী সময়ে আবারও বৈঠকে বসার সিদ্ধান্তে একমত হয়। এরপর আজ সোমবার পর্যন্ত সাত দিন হলেও বিএসএফ ও বিজিবির মধ্যে আর পতাকা বৈঠক হয়নি। ফলে রিফাতের লাশও ফেরত দেয়নি বিএসএফ। তবে ভারতের মাথাভাঙ্গা থানার সদর হাসপাতালের মর্গে রিফাতের লাশ রাখা আছে বলে তাঁর (রিফাত) পরিবার জানায়।
এ বিষয়ে রিফাতের বাবা ইসমাইল হোসেন ও ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, রিফাতের লাশ ফেরতের বিষয়ে কয়েক দফা শমসেরনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের কাছে গেলেও তারা কোনো সদুত্তর দিচ্ছে না।
ইসমাইল হোসেন বলেন, ‘ছেলের লাশের জন্য কয়েক দিন ক্যাম্পে যাই। ক্যাম্পের বিজিবি সিওর (রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক) সঙ্গে কথা বলতে বলে। সিও আমাদের মোবাইল রিসিভ করেন না। ইউপি চেয়ারম্যানের কাছে যাই। নিরুপায় হয়ে এমপি সাহেবের কাছেও গেয়েছি। তিনি কোম্পানি কমান্ডার ও সিওর সঙ্গে মোবাইলে কথা বলেন। ছেলের মুখ দেখতে পারব কি না, বলতে পারছি না। আমি ছেলের লাশ চাই। মুখ দেখে কবর দিতে চাই। কোনো উপায় না পেয়ে আমি আপনাদের (সাংবাদিকদের) কাছে এসেছি।’
এ বিষয়ে জানতে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের উপজেলার শমসেরনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বিল্লাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক শুনে ব্যস্ত আছেন বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়া মাহমুদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।