যুবক হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন রাকিবুল ইসলাম (২৮), আবদুস সালাম (২৬), জুয়েল আহমদ (৩০) ও আবদুল জব্বার (২২)। এঁদের সবার বাড়ি উল্লাপাড়া উপজেলার শুমধ্যমরিচ গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, দণ্ড পাওয়া আবদুস সালামের সঙ্গে উল্লাপাড়া উপজেলার শুমধ্যমরিচ গ্রামের হাসমত আলীর দীর্ঘদিনের ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আবদুস সালাম গত ২০০৯ সালের ১০ ডিসেম্বর রাতে হাসমত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতেই তাঁকে জবাই করে আসামিরা একটি জমির সেচের ড্রেনের মধ্যে ফেলে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত যুবকের বাবা আয়নাল হক বাদী হয়ে ১২ ডিসেম্বর ছয়জনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।