যুবক হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড
বাগেরহাটে তাজ হোসেন মীর (২৫) নামের এক যুবককে হত্যা ও লাশ গুমের চেষ্টার দায়ে আদালত নিহতের খালাতো ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. মহিদুজ্জামান আজ মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পাটরপাড়া গ্রামের রিন্টু মীর, ফকির জিয়াউদ্দিন জিয়া ও মান্নান মীর, পার্শ্ববর্তী ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের ফয়েজুল চৌধুরী ও শেখ আলফাজ হোসেন। রিন্টু নিহত তাজের খালাতো ভাই। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এক আসামি পাটরপাড়া গ্রামের সাঈদ শেখকে খালাস দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ জুন গভীর রাতে পাটরপাড়া গ্রামের তাজকে আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করে। ছেলের খোঁজ না পেয়ে তাজের মা মুসলিমা বেগম ঘটনার ১১ দিন পর রিন্টু মীরসহ চারজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় অপহরণ ও গুমের মামলা করেন।
পুলিশ রিন্টুকে গ্রেপ্তার করলে তিনি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার ও অপর সহযোগীদের নাম প্রকাশ করেন। পরে পুলিশ ১৫ জুলাই তাজের বাড়ির পার্শ্ববর্তী এলাকার একটি খেজুর বাগান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তাজের লাশ উদ্ধার করে। তদন্ত শেষে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক আবদুল হক ২০১০ সালের ২৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।