যুবক হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে আনিস নামের এক যুবক হত্যার দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন মোহাম্মদ শমসের ও লালু। শমসের কারাগারে আছেন। গতকাল রায় ঘোষণার আগে তাঁকে আদালতে হাজির করা হয়। অপর আসামি লালু পলাতক। দণ্ডিত আসামিরা পেশায় মাংসবিক্রেতা ছিলেন। আনিস ছিলেন দরজি ব্যবসায়ী।
মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি আনিসকে ডেকে এনে জবাই করে হত্যা করেন। পরে আনিসের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ওমর ফারুক পল্লবী থানায় মামলা করেন।